মেসিদের সামনে শুরুতেই চিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিও কেম্পেস বলেছেন বলেই পুরোনো কথাটা নতুন মাহাত্ম্য নিয়ে এল। গোল্ডেন বল আর বুট দুটিই জিতে ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রথম এনে দিয়েছিলেন শিরোপা। যে ‘প্রথম’টি বেড়ে ‘দুই’ হয়েছে, কিন্তু ‘তিনে’র আক্ষেপ আর ঘোচেনি আর্জেন্টিনার। কেউ যে কেম্পেস বা ডিয়েগো ম্যারাডোনা হয়ে উঠতে পারেননি!

সেই ‘কেম্পেডোনা’ হয়ে ওঠার একমাত্র ক্ষমতার অধিকারী লিওনেল মেসির পক্ষে-বিপক্ষে অনেক কথা হয়েছে। আবারও হচ্ছে আলোচনা, আরও একটি কোপা আমেরিকা এসে গেছে বলে। আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো যেমন প্রিয় শিষ্যকে আড়াল করে রাখতে চাইছেন। কিন্তু আজ কোপার ড্রয়ে অতিথি হিসেবে আসা কেম্পেস সে কথা আবারও বললেন, ‘আর্জেন্টিনার কাছে মেসির একটা ঋণ আছে। সেও সেটা ভালো করে জানে।’

১৯৭৮ বিশ্বকাপে ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই আসরের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা (১৯৬২ বিশ্বকাপে গারিঞ্চা, কেম্পেসের পর ১৯৮২ আসরে পাওলো রসি) ‘এল ম্যাটাডোর’ মেসির ‘জানা’ ঋণটা শোধ করার তাগিদই যেন দিলেন। সময় যে ফুরিয়ে আসছে দ্রুত! মেসি অনেকটা লটারির মতোই যেন পেয়ে গেলেন ২০১৬ কোপা আমেরিকা। আরেকটি মঞ্চ প্রস্তুত হলো মেসির জন্য।

এ বছর কোপা আমেরিকার বিশেষ আসর বসছে যুক্তরাষ্ট্রে। ইতিহাসের অন্যতম প্রাচীন এই টুর্নামেন্টের শতবর্ষ পূতি উপলক্ষে। সেটারই ড্র হয়ে গেল। আর্জেন্টিনার ফুটবলের সর্বশেষ দুঃখের নাম চিলি। ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে এই চিলির কাছেই টাইব্রেকারে হেরে টানা দ্বিতীয় বছরের মতো বড় ট্রফির দুয়ার থেকে ফিরতে হয়েছে। সেই চিলির সঙ্গে ম্যাচ দিয়েই ২০১৬ কোপা আমেরিকা শুরু করবে আর্জেন্টিনা।

কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট হলেও অতিথি দল হিসেবে অনেকবারই অন্য মহাদেশের দলগুলো খেলে গেছে। বিশেষ করে কনক্যাকাফের (উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল) সঙ্গে এই টুর্নামেন্টের সম্পর্ক অনেক পুরোনো। সেই সম্পর্কটিকেই এবার শ্রদ্ধা জানাবে কোপা। ৪৫তম কোপা যে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার কোনো দেশে হচ্ছে না। হচ্ছে যুক্তরাষ্ট্রে।

৩ থেকে ২৬ জুনের এই আসরে এবার অংশ নিচ্ছে ১৬টি দল, কনবেমল অঞ্চলের ১০টির সঙ্গে থাকছে কনক্যাকাফের ছয়টি। ৩ জুনের উদ্বোধনী ম্যাচে ক্যালিফোর্নিয়ায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া।

মেসির কাছে জাতীয় দলের হয়ে শিরোপা-শূন্যতা ঘোচানোর বিশেষ সুযোগ হয়ে আসছে বিশেষ এই কোপা আমেরিকা। যদিও মার্টিনো আগেই প্রত্যাশার ভার মেসির ওপর চাপিয়ে দিতে চাইছেন না, ‘লিও সব সময় আমাদের ত্রাণকর্তা হয়ে উঠতে পারবে না। এটা বরং এমন হওয়া উচিত, দলেরই দায়িত্ব ওকে সাহায্য করা।’

নেইমারের জন্য অবশ্য এক দিক দিয়ে চাপটা কম। এরই মধ্যে কনফেডারেশনস কাপ যে জিতিয়েছেন। তবে নেইমারের জন্য চাপটা এবার অন্য দিক দিয়ে। এই বছর শুধু কোপা নয়, আছে রিও অলিম্পিকও। ব্রাজিলে হচ্ছে বলে ওটিও ব্রাজিলিয়ানদের কাছে বিশেষ কিছু। কার্লোস দুঙ্গা তাই বুঝে উঠতে পারছেন না, কোপায় নেইমারকে খেলাবেন, নাকি অলিম্পিকে। দ্বিধান্বিত কণ্ঠে সেটি জানিয়েছেনও।

তবে শেষ পর্যন্ত নেইমার খেললে কে জানে, ফাইনালেই দুই বন্ধুর মহাকাব্যিক এক লড়াই হয়ে যায় কি না। এবারের বিশেষ কোপা যে আরও বিশেষ হয়ে উঠতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা সম্ভাব্য ফাইনালের কারণেই!

কোন গ্রুপে কোন দল

‘এ’ গ্রুপ

যুক্তরাষ্ট্র, কলম্বিয়া,

কোস্টারিকা ও প্যারাগুয়ে

‘বি’ গ্রুপ

ব্রাজিল, ইকুয়েডর,

হাইতি ও পেরু

‘সি’ গ্রুপ

মেক্সিকো, উরুগুয়ে, জ্যামাইকা ও ভেনেজুয়েলা

‘ডি’ গ্রুপ

আর্জেন্টিনা, চিলি,

পানামা ও বলিভিয়া