মেসি–নেইমার যা পরেন, হিগুয়াইনও তা–ই পরবেন

আর্জেন্টিনার জার্সিতে মেসির সঙ্গে হিগুয়াইনছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুভেন্টাসকে বিদায় বলার পর যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন গঞ্জালো হিগুয়াইন। সেটাও বছরখানেক হয়েছে। এই ক্লাবে আসার পর হিগুয়াইন প্রথম বছর কাটিয়েছেন ৯ নম্বর জার্সি পরে। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, জুভেন্টাসেও ৯ নম্বর জার্সি পরে খেলতেন হিগুয়াইন।

সেখান থেকে এক বছরের জন্য এসি মিলানে ধারে খেলতে গিয়েও ৯ নম্বর জার্সি পরেই মাঠে নামতেন। আর্জেন্টিনার জার্সিতেও লিওনেল মেসিদের পাশে ৯ নম্বর জার্সিতেই দেখা গেছে হিগুয়াইনকে। এর আগে শুধু রিয়াল মাদ্রিদেই তাঁকে ২০ নম্বর জার্সি পরে খেলতে দেখা গেছে।

আর্জেন্টিনার সমর্থকদের কাছে সবচেয়ে অপ্রিয় হিগুয়েইন, কারও তালিকায় মেসিও আছেন
ছবিঃ এএফপি

তবে এবার থেকে সেই জার্সির বদল হচ্ছে হিগুয়াইনের। লিওনেল মেসি, নেইমাররা যে জার্সি পরেন, এবার সেই ১০ নম্বর জার্সি পরতে দেখা যাবে হিগুয়াইনকেও। পিএসজিতে নেইমার ১০ নম্বর জার্সি পরায় মেসি এখন ৩০ নম্বর পরেই খেলেন, তবে আর্জেন্টিনায় কিংবা আগের ক্লাব বার্সেলোনায় ১০ নম্বর জার্সির দখল তাঁরই। নেইমার তো কি ব্রাজিল জাতীয় দল, কি পিএসজি—সব জায়গায়ই ১০ নম্বর জার্সিধারী!

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহামের দল ইন্টার মায়ামিতে খেলার জন্য হিগুয়াইন এবার ১০ নম্বর জার্সিটাকেই বেছে নিয়েছেন। এত দিন ক্লাবটিতে ১০ নম্বর জার্সি পরে খেলতেন মেক্সিকান ফুটবলার রোদোলফো পিজারো। আর হিগুয়াইনকে পরতে দেখা গেছে ৯ নম্বর জার্সি। রোদোলফো পিজারো এই বছর ধারে খেলতে গেছেন মেক্সিকোর ক্লাব মনতেরেইয়ে। পিজারো যেতেই ফাঁকা হয়ে যায় ১০ নম্বর জার্সি। আর সেই ফাঁকা নম্বরটা নিয়ে নেন হিগুয়াইন।

৩৪ বছর বয়সী আর্জেন্টাইনের জন্য একেবারেই নতুন এবং ব্যতিক্রমী নম্বরের জার্সি এটা। কিন্তু জার্সির নম্বর যা-ই হোক না কেন, গোল করতে নিশ্চয়ই একই রকম মরিয়া থাকবেন হিগুয়াইন। ২০২১ সাল থেকে ইন্টার মায়ামিতে ৩০ ম্যাচ খেলেছেন হিগুয়াইন। ১২টি গোল করেছেন, করিয়েছেন ৬টি। আক্ষেপে পোড়া ক্যারিয়ারের শেষবেলায় ১০ নম্বর জার্সিতে নতুন কিছুর স্বাদ নেওয়া আরকি!

আক্ষেপ নয়তো কী! ত্রিশের ডানে আরও বছর চারেক আগেই এসে পড়া হিগুয়াইনের গতি আর আগের মতো নেই। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দেওয়ার আগে ৭৫ ম্যাচে ৩১টি গোল করেছেন। বিশ্বকাপে করেছেন হ্যাটট্রিক। কিন্তু দেশের হয়ে কিংবা ক্লাবের জার্সিতে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠার বদলে গোলের সুযোগ নষ্ট করার অভিযোগেই পুড়েছেন বেশি। আর্জেন্টিনায় তো রীতিমতো খলনায়কই তিনি!

জুভেন্টাসের জার্সিতে হিগুয়াইন
ছবি: এএফপি

২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে ম্যাচের ৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন হিগুয়াইন। ২০ মিনিটে টনি ক্রুজের ভুল পাসে বল চলে আসে হিগুয়াইনের পায়ে। সামনে তখন শুধুই গোলকিপার মানুয়েল নয়্যার। কিন্তু হিগুয়াইন বল মারলেন বাইরে! ২০১৫ সালে কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি শট নিতে পারেননি। বহু ম্যাচে এমন অসংখ্য সুযোগ নষ্ট করেছেন তিনি। হিগুয়াইনের ওপর বেশির ভাগ আর্জেন্টাইনের ক্ষোভ আর বিরক্তির কারণও এটাই।


সেসব তো আর কখনো মুছবে না, সেসব মন থেকে কখনো মুছতে পারবেন কি না হিগুয়াইন, কে জানে! ক্যারিয়ারের বাকিটুকু সময় নতুন আনন্দে মেতে উঠে যদি পুরোনো ক্ষত ভুলে থাকা যায়! তবে হিগুয়াইনের বিশ্বাস, জার্সির নম্বর বদলে এবার তাঁর গোলসংখ্যারও উন্নতি হবে!