মেসি–নেইমারদের সঙ্গে থাকতে না পেরে নিজেকে খুন করতে চাইছেন রোনালদো

জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদোছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনহেল দি মারিয়া দারুণ খুশি। তাঁর ক্লাবে যোগ দিয়েছেন লিওনেল মেসি। জাতীয় দল আর্জেন্টিনায় তাঁর সঙ্গে মিলে কিছুদিন আগেই জিতেছেন কোপা আমেরিকা।

পিএসজিতে মেসিকে খুব করে চেয়েছেন দি মারিয়া। সেই চাওয়া পূরণ হওয়ায় আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মনের আগল খুলে দিয়েছেন দি মারিয়া। আর্জেন্টাইন উইঙ্গার কথা বলেছেন, মেসির পিএসজিতে যোগ দেওয়া নিয়ে।

মেসির সঙ্গে খেলা খুব সহজ বলে মনে করেন দি মারিয়া, ‘সত্যি বলতে ওর সঙ্গে খেলা খুব সহজ। আপনি দৌড়াবেন, ও বল দেবে, একদম পায়ের সামনে এসে পড়বে। এর অন্যথা হবে না। মাঠ এবং মাঠের বাইরে ওর সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার।’

বোঝাপড়া যেহেতু চমৎকার, সেহেতু পিএসজি এবার দারুণ কিছু আশা করতেই পারে। চ্যাম্পিয়নস লিগ জিততে স্কোয়াডকে ‘চাঁদের হাট’ বানিয়েছেন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি।

পিএসজির অনুশীলনে দি মারিয়ার সঙ্গে মেসি
ছবি: এএফপি

নেইমার, কিলিয়ান এমবাপ্পে, দি মারিয়া, মার্কো ভেরাত্তি, মার্কিনিওসরা তো ছিলেনই, এবার প্রথমে সের্হিও রামোস, জর্জিনিও ভাইনালডাম, জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমিকে এনেছেন। কদিন আগে যোগ দিয়েছেন মেসিও।

বোঝাই যাচ্ছে, চ্যাম্পিয়নস লিগে এবার মাঠে নামার আগেই ফেবারিট পিএসজি। এমন দলে খেলতে চাইবেন যেকোনো ফুটবলার—দি মারিয়া এই বিশ্বাস থেকে বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোও হয়তো এই দলে থাকতে না পেরে মাথার চুল ছিঁড়ছেন।

আর্জেন্টাইন উইঙ্গারের ভাষায়, ‘ক্রিস্টিয়ানো হয়তো এখানে থাকতে না পেরে নিজেকে খুন করতে চাইছে! পিএসজিতে এখন খেলোয়াড়দের মান ও সংখ্যাটা অনন্য। ক্লাবে সব সময় এমন ঘটে না আর দারুণ খেলোয়াড়েরা সব সময় সেরাদের সঙ্গেই থাকতে চায়। ক্রিস্টিয়ানো অবশ্যই এখানে আসতে চায়, কিন্তু তারা (ক্লাব) মেসিকে কিনেছে এবং সেটা আরও ভালো হয়েছে।’

৩৪ বছর বয়সী মেসিকে এখনো সবার ওপরে দেখছেন দি মারিয়া, ‘মেসি ভিনগ্রহের। ওকে পাথর মারলে সেটাও ও থামিয়ে দেবে। আমি ক্রিস্টিয়ানো, নেইমার, এমবাপ্পে, রুনি, ফন পার্সি, বেনজেমা, বেলদের সঙ্গে খেলেছি, কিন্তু কখনো ওর মতো কাউকে দেখিনি। লিও অনন্য।’

নেইমারের সঙ্গে অনুশীলন করছেন মেসি
ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগ কখনো জিততে না পারলেও ইউরোপসেরা হওয়ার এ প্রতিযোগিতাকে সব সময় প্রাধান্য দিয়ে এসেছে পিএসজি। দি মারিয়া জানান, মেসি যোগ দেওয়ায় এখন যেকোনো মূল্যে এই শিরোপা জিততে চায় ফরাসি ক্লাবটি, ‘চ্যাম্পিয়নস লিগ জয়ের বাধ্যবাধকতা আমাদের সব সময়ই ছিল। মেসি আসায় এখন তা যেকোনো মূল্যে জিততে হবে। এটা সহজ নয়। তবে আমাদের একটা কোচিং দল আছে, যারা দলকে একত্র করতে পারে এবং সবাই জানে কার কী কাজ।’

বার্সেলোনায় ২১ বছরের সম্পর্কচ্ছেদ করে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। কাতালান ক্লাবটির হয়ে এমন কোনো শিরোপা নেই যে তিনি জেতেননি! বার্সায়ই নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মেসি। ক্লাবের সঙ্গে, আরও নির্দিষ্ট করলে সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর সঙ্গে মাঝে বনিবনা না হওয়ায় গত মৌসুমে মেসি বার্সা ছাড়তে চেয়েছিলেন।

কিন্তু বার্তোমেউকে হটিয়ে বার্সার সদস্যরা হোয়ান লাপোর্তাকে সভাপতির আসনে বসিয়েছেন, এরপর মেসিও থাকতে চেয়েছিলেন বার্সায়। কিন্তু স্প্যানিশ লিগের বেতনকাঠামোর নীতির মধ্যে থাকতে না পারায় বার্সাই মেসিকে ধরে রাখতে পারেনি।

দি মারিয়া মনে করেন, কাতালান ক্লাবটির চেয়ে পিএসজিতে বেশি ভালো থাকবেন মেসি, ‘আমার মনে হয়, কাতালুনিয়ার চেয়ে এখানে মেসি বেশি ভালো থাকবে। প্যারিসে ওকে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে, তাতে ওর সেটা বোঝার কথা। মানুষ এ ভালোবাসা ওকে প্রতিটি অনুশীলন ও ম্যাচে দেখাবে। শুধু ওর কারণেই এখন আমরা (ক্লাবের) বাইরে বের হলেই অন্তত শ দুয়েক লোককে সব সময় অপেক্ষা করতে দেখি।’

পিএসজিতে মেসি ভালো থাকবেন বলে মনে করেন দি মারিয়া
ছবি: এএফপি

পিএসজিতে রোনালদোর যোগ দেওয়া নিয়ে এখনই গুঞ্জন চলছে। ইউরোপের সংবাদমাধ্যম এর আগে জানিয়েছে, মেসি পিএসজিতে যোগ দেওয়ায় খুশি হতে পারেননি এমবাপ্পে। সব আলো এখন মেসির ওপর পড়ায় এমবাপ্পে নাকি কিছুটা মনঃক্ষুণ্ন।

এদিকে রিয়াল মাদ্রিদ তাঁকে বহুদিন ধরেই কেনার চেষ্টা করছে। এমবাপ্পে যদি শেষ পর্যন্ত পিএসজি ছাড়তেই চান, তখন রোনালদোকে কেনার চেষ্টা করতে পারে ফরাসি ক্লাবটি—এমনটাই মনে করছে সংবাদমাধ্যম।