মেসি–নেইমারের সতীর্থকে কী খেতে হবে সেটাও বলে দেন রোনালদো
বিশ্ব ফুটবলে খুব কম খেলোয়াড়েরই এ সৌভাগ্য হয়েছে। মেসি, রোনালদো ও নেইমারকে সতীর্থ হিসেবে পেতে হলে যে নির্দিষ্ট তিনটি ক্লাব কিংবা তিনটি জাতীয় দলের খেলোয়াড় হতে হবে। ভাগ্য প্রসন্ন হলে সঠিক সময়ে সে দলগুলোতে থাকতে হবে। আনহেল দি মারিয়া, আন্দ্রে গোমেজদের দলে নতুন সংযুক্তি হয়েছে এ মৌসুমে। সম্পূর্ণ আর্থিক কারণে হওয়া এক পাল্টাপাল্টি দলবদলে আর্থুর মেলো যোগ দিয়েছেন জুভেন্টাসে।
ব্রাজিল থেকে নতুন জাভি হিসেবে তাঁকে এনেছিল বার্সেলোনা। প্রথম মৌসুমে মুগ্ধ করে দেওয়া ফুটবলে মেসির প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন। ব্রাজিল দলে নেইমারকে বল জোগান দেওয়ার অভিজ্ঞতাও হয়ে গিয়েছিল তাঁর। শুধু জোসেপ মারিয়া বার্তোমেউর বোর্ড আর্থিক দুরবস্থা থেকে বাঁচার জন্য মিরালিম পিয়ানিচের সঙ্গে অদলবদল করে আর্থুরকে বিক্রি করে জুভেন্টাসের কাছে। সে সুবাদে ক্রিস্টিয়ানো রোনালদোকেও সতীর্থ হিসেবে পাওয়া হয়ে গেছে তাঁর।
দক্ষিণ আমেরিকান দুই তারকার সঙ্গে সখ্য যে রোনালদোর সঙ্গে সম্পর্ক সৃষ্টিতে কোনো বাধা হয়নি, সেটিই জানিয়েছেন আর্থুর। রোনালদোর সঙ্গে সম্পর্ক এতটাই ভালো যে কী খেতে হবে সেটাও নাকি বলে দেন পর্তুগিজ কিংবদন্তি!
গত সপ্তাহেই বার্সেলোনা ঘুরে গেছেন আর্থুর। তাঁর কাতালান ক্লাব পর্বের শেষটা খুব বাজে ছিল। ইচ্ছার বিরুদ্ধে তাঁকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। একবার চলে যাওয়া নিশ্চিত হওয়ার পর তাঁকে আর দলে ডাকা হয়নি। এসবেরই যেন বদলা নিলেন গত মঙ্গলবার রাতে। বার্সার মাঠেই তাদের ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। গ্রুপ পর্বের শেষের এ জয় শেষ ষোলোতে ভালো অবস্থান এনে দিয়েছে তুরিনের ক্লাবকে।
আর্থুর অবশ্য বার্সেলোনার শেষ দিকের অভিজ্ঞতা নিয়ে খুব বেশি ভাবেন না। বরং জুভেন্টাসে কত ভালো আছেন, সেটাই জানিয়েছেন। রোনালদোর সঙ্গে কত ভালোভাবে মানিয়ে নিচ্ছেন, সেটাই জানিয়েছেন মার্কাকে, ‘ক্রিস্টিয়ানো অসাধারণ এক মানুষ। যেহেতু একই ভাষায় কথা বলি, যাওয়ার পর থেকেই আমাকে সাহায্য করছেন। কিছু না বুঝলে আমাকে বুঝিয়ে দেন। এমনকি কী খেতে হবে, সেটাও বলে দেন। এটা খাওয়া ঠিক হবে না, ওটা খাও। সবার ব্যাপারে খেয়াল রাখেন, সাহায্য করেন। ক্রিস্টিয়ানো এবং এই ড্রেসিংরুম পেয়ে আমি ভাগ্যবান। সবাই খুব ভালো।’
রোনালদোর সাবেক বা বর্তমান সব সতীর্থের মতোই আর্থুরকে বিস্মিত করে তাঁর নিবেদন। নিজেকে আরও ভালো করার জন্য পর্তুগিজ তারকার চেষ্টার কথা বরাবরই শোনা গেছে তাঁর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ বা জুভেন্টাস সতীর্থদের কাছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার শোনালেন আরেকবার, ‘যেভাবে কাজ করেন তাতে বিস্মিত হই। আমি আগে থেকেই জানতাম। কারণ ফুটবল দুনিয়া ছোট, সবাই বলে কী করেন তিনি। তবু কাছ থেকে দেখলে মুগ্ধ না হয়ে পারা যায় না। একবার আমরা রাত দুটায় ফিরেছিলাম, কারণ দেরিতে খেলা ছিল। তখনই অনুশীলন করতে শুরু করলেন। কে এমন কিছু করে? শুধু ক্রিস্টিয়ানো। আমি তো মজা করে বলি, তুমি অসুস্থ। কিন্তু এত ব্যালন ডি’অর জেতা একজনকে কী বলতে পারেন আপনি?’
তিন মহাতারকার সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। এ তিনজনের মধ্যে তুলনা টানার জন্য আদর্শ ব্যক্তি আর্থুর। তবে এই মিডফিল্ডার তাঁদের মধ্যে মিলই খুঁজে পাচ্ছেন বেশি, ‘তাঁদের মানসিকতা আমাকে মুগ্ধ করে। হ্যাঁ প্রতিভা তো আছেই। সবাই জানেন তাঁদের কী আছে। কিন্তু তিনজনেরই জেতার মানসিকতা অসাধারণ। তারা একটা লক্ষ্য স্থির করেন, এটার জন্য কাজ করেন, তাঁরা ভাবেন এটা পারবেন এবং সেটা অর্জনের জন্য মাঠে জীবন দিয়ে দেন। অল্পে সন্তুষ্ট নন তাঁরা, সব সময় বেশি কিছু চান। এক গোল করলে আরেকটা, দুটি করলে তিনটি; এরপর চার… এটাই আমাকে মুগ্ধ করে যে কখনো মান বা মনোযোগ কমান না।’