মেসি–পেদ্রি যুগলবন্দীতে জুড়াল চোখ

বিলবাওয়ের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন মেসি ও পেদ্রিছবি:টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে দারুণ খুশি কোচ রোনাল্ড কোমান। তিনি যেভাবে খেলাতে চান, শিষ্যরা যে কাল সেটিই করে দেখালেন। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটা যেন ছিল ডাচ্‌ কোচের সব পরিকল্পনার পরিপূর্ণ বাস্তবায়ন।

তাঁর চোখে এ ম্যাচে শিষ্যরা যেভাবে খেলেছেন, সেটিই মানদণ্ড। বিলবাওকে ৩-২ গোলে হারানোর ম্যাচে খেলোয়াড়দের যে পারফরম্যান্স, সেটি ধারাবাহিক হলে মৌসুমের বাকি সময়ে অন্তত বার্সা–সমর্থকদের কোনো দুশ্চিন্তা নেই।

যদিও এ ম্যাচে বার্সেলোনা শুরুতে পিছিয়েই পড়েছিল; তৃতীয় মিনিটেই গোল খেয়ে যাওয়াটা ছিল অশনিসংকেত। কিন্তু লিওনেল মেসির নেতৃত্বে বার্সা খেলোয়াড়েরা শঙ্কা দূর করেন। আর্জেন্টাইন তারকা ছিলেন দুর্দান্ত। খুব সম্ভবত এ মৌসুমে এখন পর্যন্ত নিজের সেরা খেলাটাই খেলেছেন তিনি।

দুর্ভাগ্য তাঁর, বিলবাওকে দুটি গোল ফেরত দিলেও নিজের হ্যাটট্রিকটা করা হয়ে ওঠেনি। বার্সেলোনার অন্য গোলটি তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার পেদ্রির।

বিলবাওকে এগিয়ে দিয়েছিলেন ইনাকি উইলিয়ামস। ১৪ মিনিটেই সমতা ফেরান পেদ্রি। মেসির গোল দুটি আসে ৩৮ ও ৬২ মিনিটে।

ম্যাচের একেবারে অন্তিম লগ্নে বার্সেলোনার জালে বল ঠেলে স্কোর লাইনকে ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ চেহারা দেন ইকার মুনিয়াইন।

বার্সেলোনার প্রথম গোলটি ছিল দারুণ। মেসি মাঠের বাঁ প্রান্ত থেকে বাঁ পায়ের লম্বা পাস বাড়ান গোললাইনে দাঁড়ানো ফ্রেঙ্কি ডি ইয়ংকে। গোলপোস্টের পাশ থেকে তিনি ভলি করে ফেরত পাঠান গোলমুখে।

বিলবাওয়ের রক্ষণভাগের খেলোয়াড়েরা কিছু বুঝে ওঠার আগেই পেদ্রি আলতো হেডে সেটি জালে পাঠিয়ে দেন। গোটা মুভটাতেই বিলবাও রক্ষণভাগের খেলোয়াড়েরা ছিলেন বিভ্রান্ত।

বার্সার দ্বিতীয় গোলটি আরও দুর্দান্ত। এটি এসেছে মেসি-পেদ্রি যুগলবন্দীতে। মধ্যমাঠ থেকে বল টেনে নিয়ে মেসি থ্রু বাড়ান বিলবাওয়ের ডি বক্সের মুখে থাকা পেদ্রিকে। এই তরুণ দারুণভাবে সেই বলটি ব্যাকহিল করে ঠেলে দেন পেছন থেকে এগিয়ে আসা আর্জেন্টাইন তারকাকে।

মেসি সেই বল ধরে সেটিকে জালে পাঠাতে ভুল করেননি। ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। সেটিও ছিল দারুণ গোল। দলীয় সমঝোতার গোল।

ম্যাচের শেষ দিকে বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করে বার্সেলোনা। এর মধ্যে মেসি নষ্ট করেন সহজ সুযোগ। দারুণ ম্যাচে হয়তো বার্সেলোনা–সমর্থকদের আক্ষেপ হয়ে রইবে মেসির হ্যাটট্রিক না পাওয়া।

যোগ করা সময়ে মুনিয়াইনের গোলে বিলবাও স্কোরলাইন ৩-২ করে ফেলেছিল বটে, কিন্তু ম্যাচে ফেরার মতো যথেষ্ট সময় তাদের হাতে ছিল না।

ম্যাচ শেষে কোমান জানিয়েছেন, তিনি বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের বার্সেলোনাকেই মৌসুমের বাকি সময়জুড়ে চান, ‘এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। আজ (গতকাল) যে ধরনের খেলা আমার খেলোয়াড়েরা খেলল, মৌসুমের বাকি সময়টায় সে ধরনের খেলাই খেলতে হবে। গোটা ম্যাচটাই আমার খেলোয়াড়েরা নিয়ন্ত্রণ করেছে।’

মেসি–পেদ্রির বোঝাপড়া মুগ্ধ করেছে সবাইকে
ছবি: টুইটার

কাল মেসি-পেদ্রি যুগলবন্দী মুগ্ধ করেছে সবাইকে। আগেই বলা হয়েছে, মেসি খুব সম্ভবত এখন পর্যন্ত মৌসুমের সেরা খেলাটাই খেলেছেন বিলবাওয়ের বিপক্ষে।

মেসিকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করে কোমানের দাবি আর্জেন্টাইন তারকার কার্যকারিতা এখন অন্য মাত্রার, ‘মেসি সর্বোচ্চটা দিয়েই প্রথম দিন থেকে খেলছে। অনেক বছর ধরে মেসি সর্বোচ্চ পর্যায়ে খেলছে। আমার তো মনে হয় তার কার্যকারিতা এখন অন্য মাত্রার।’

পেদ্রিকে নিয়ে কোমানের আশার পারদও চড়েছে, ‘বয়সের তুলনায় সে অনেক পরিণত এক খেলোয়াড়। সবচেয়ে বড় কথা, সে মাথা ব্যবহার করে খেলে।’