মেসিবিহীন অধ্যায় শুরু বার্সার

মাঝদরিয়ায় গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়ল দলের সবচেয়ে দক্ষ মাঝি, নৌকাটার একটু টাল খাওয়ারই কথা। লিওনেল মেসিকে ছাড়া বার্সেলোনা কেমন করবে, সেটির প্রথম পরীক্ষা আজই হয়ে যাবে। বেয়ার লেভারকুসেনের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়েই আজ শুরু হচ্ছে বার্সেলোনার দুই মাসের মেসিবিহীন অধ্যায়ের।
দর্শক হয়ে বাইরে বসে থাকতে কারোরই ভালো লাগার কথা নয়। মেসির আজ সেই আক্ষেপটা আরও বড় হওয়ারই কথা। লেভারকুসেনের সঙ্গে বার্সেলোনার সর্বশেষ দেখায় মেসি যে ইতিহাসই গড়েছিলেন। চ্যাম্পিয়নস লিগের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল করেছিলেন, বার্সেলোনা জিতেছিল ৭-১ গোলে। মেসি না থাকায় লেভারকুসেন একটু আশ্বস্ত হতে পারে, আজ সেই বিভীষিকা হয়তো ফিরে আসবে না।
লুইস এনরিকের অবশ্য এখন মেসি-সংকটের টোটকা খুঁজতে হচ্ছে। লাস পালমাসের সঙ্গে হাঁটুতে চোট পেয়ে দুই মাসের জন্য ছিটকে গেছেন মেসি। ওই ম্যাচের পর এনরিকে দাবি করেছিলেন, দলের অন্যদের জন্য এটা একটা সুযোগ। কিন্তু চোট-সমস্যা, রক্ষণ-দুর্বলতায় জর্জর বার্সা মেসির অনুপস্থিতি সামাল দিতে পারবে তো? অনভিজ্ঞ মুনির এল হাদ্দাদি বা সান্দ্রো রামিরেসরা মেসির শূন্যতা ঢাকতে পারবেন?

এসব প্রশ্নের উত্তর আজই পাওয়া যাবে। তবে ইতিহাস একটু ভরসা দিতে পারে এনরিকেকে। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছিল মেসিকে। সেবার নয় ম্যাচের ছয়টিতেই জিতেছিল বার্সেলোনা, হেরেছিল শুধু অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে একটি ম্যাচে। এবারও বার্সেলোনার হয়ে অন্তত আট ম্যাচ খেলতে পারবেন না মেসি, সুয়ারেজ-নেইমারদের বাড়তি দায়িত্বই নিতে হবে কাঁধে।
মেসি না থাকায় লেভারকুসেন ভেতরে ভেতরে যতই উচ্ছ্বসিত হোক, বাইরে সেটা প্রকাশ করেনি। ক্লাবের ক্রীড়া পরিচালক রুডি ফোলার বরং মেসির জন্য দুঃখিতই, ‘খুবই দুঃখজনক ব্যাপার, তাকে (মেসি) দেখাটা সব সময়ই দারুণ দৃষ্টিসুখকর।’
এনরিকের মতো উদ্বেগে কিছুটা ক্লিষ্ট হোসে মরিনহোও। আজকের ম্যাচটা এমনিতে একটু হলেও স্মৃতিকাতর করে তুলবে চেলসি কোচকে। যে পোর্তোর হয়ে প্রথম নিজেকে চিনিয়েছিলেন, আজ আবার ফিরে যাচ্ছেন সেখানে। এখন অবশ্য এসব ভাবাবেগের ঊর্ধ্বে তিনি, চেলসির চিন্তায়ই যে জেরবার হতে হচ্ছে! গতবারের চ্যাম্পিয়নরা এবার পয়েন্ট তালিকার ১৫ নম্বরে থেকে ধুঁকছে। পোর্তোতে এটাই অবশ্য প্রথমবার ফিরে যাওয়া নয়, এর আগে চেলসির হয়েই দুবার পুরোনো ক্লাবের মুখোমুখি হয়েছিলেন মরিনহো।
দুশ্চিন্তায় হয়তো আছে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবও। সেটা যতটা না নিজেদের নিয়ে, তার চেয়েও বেশি হয়তো রবার্ট লেভানডফস্কিকে নিয়ে। গত দুই ম্যাচে ৭ গোল করেছেন বায়ার্ন স্ট্রাইকার, আজ খেলাও নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়। জাগরেবের ফর্ম অবশ্য আশা দেখাতে পারে, সব প্রতিযোগিতা মিলে গত ৪৫টি ম্যাচ হারেনি তারা। সেই গর্বটা আজই শেষ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। জাগরেবের কোচ জোরান মামিচ অবশ্য অসম্ভবের স্বপ্নই দেখছেন, ‘কে জানে, আজই হয়তো আমরা ক্লাব ইতিহাসের সেরা ম্যাচটা খেলে ফেললাম। ফুটবলে যেকোনো কিছুই হতে পারে, আর্সেনালের সঙ্গে যেমন খেলেছি, তেমন খেললে ৩ পয়েন্টও পেয়ে যেতে পারি।’ এএফপি, রয়টার্স।
