মেসিবিহীন আর্জেন্টিনা হোঁচট খাচ্ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয়বার পিছিয়ে পড়েও সমতা ফেরাল পেরু, শেষ পর্যন্ত ম্যাচটা ড্র-ই করেছে। ছবিঃ এএফপি।
দ্বিতীয়বার পিছিয়ে পড়েও সমতা ফেরাল পেরু, শেষ পর্যন্ত ম্যাচটা ড্র-ই করেছে। ছবিঃ এএফপি।

লিওনেল মেসি নেই, আর্জেন্টিনার ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়াও চলছেই। বিশ্বকাপ বাছাইয়ে আরও একবার হোঁচট খেল আর্জেন্টিনা, পেরুর সঙ্গে দুই বার এগিয়ে গিয়েও ড্র করেছে ২-২ গোলে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় আর্জেন্টিনা এখন পাঁচে, সরাসরি মূল পর্বে যেতে হলে থাকতে হবে প্রথম চারের মধ্যে।

মেসি নেই, কিন্তু আগুয়েরো, হিগুয়েইন, ডি মারিয়ারা ছিলেন। কোচ এদগার্দো বাউজা বেশ আক্রমণাত্মক একাদশই নামিয়েছেন, আগুয়েরো-হিগুয়েইনের সঙ্গে আক্রমণে খেলেছেন জুভেন্টাসের তরুণ ফরোয়ার্ড পাউলো দিবালাও। ১৬ মিনিটেই কর্নার থেকে গোল করে এভারটন ডিফেন্ডার রামিরো ফিউনেস মোরি এগিয়ে দিয়েছেন আর্জেন্টিনাকে। প্রথমার্ধে দুই দলই সুযোগ গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কেউই কাজে লাগাতে পারেনি।

৫৮ মিনিটেই ম্যাচে সমতা ফেরায় পেরু। অভিজ্ঞ স্ট্রাইকার পাওলো গেরেরো গোল করে স্বাগতিকদের আনন্দে উপলক্ষ এনে দেন। কিন্তু ৭৭ মিনিটে হিগুয়েইনের গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। পাবলো জাবালেতার ক্রস থেকে বল পেয়ে গোল করেন জুভেন্টাস স্ট্রাইকার। কিন্তু সাত মিনিটও সেই লিড ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। এবার ‘খলনায়ক’ আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করা ফিউনেস মোরি। পেনাল্টি বক্সের ভেতর আর্জেন্টাইন ডিফেন্ডার ফেলে দেন গেরেরোকে। পেনাল্টি থেকে গোল করে আরও একবার পেরুকে ম্যাচে ফেরান ক্রিস্টিয়ান কুয়েভা।

চার দিন পরেই আবার নিজেদের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এমনিতেই রক্ষণের বেহাল দশা আর্জেন্টিনার, সর্বশেষ দুই ম্যাচে হজম করতে হয়েছে চারটি গোল। তার ওপর আজ হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়েছেন তিন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি, জাবালেতা ও ফিউনেস মোরি। পরের ম্যাচে এঁদের কাউকেই পাচ্ছেন না বাউজা, প্রায় নতুন একটা রক্ষণ নিয়েই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে।