মেসিবিহীন আর্জেন্টিনার জয়
ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, লিওনেল মেসি খেলতে পারবেন তো? গত সপ্তাহে এল ক্লাসিকোতে হালকা চোট পেয়েছিলেন ডান পায়ে। পরশু এল সালভাদরের ম্যাচের আগে তাই মেসিকে নামানোর ঝুঁকি নেননি আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো। তবে মেসিকে ছাড়াই ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। কাল রবার্তো ফিরমিনোর কল্যাণে ব্রাজিল ১–০ গোলে হারিয়েছে চিলিকে।
মেসি না থাকলেও ডি মারিয়া, তেভেজ, হিগুয়েইনরা ছিলেন, যদিও গোল পাননি এঁদের কেউই। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এভার বানেগা। তবে সালভাদরের নেস্টর রেনডোরেসেরও কৃতিত্ব আছে তাতে, তাঁর পায়ে লেগেই বলটা দিকবদল করে ঢুকে যায় জালে। রাতটা নিজের করে নিয়েছেন ইনদিপেন্দিয়েন্তি মিডফিল্ডার ফেদেরিকো মানকিয়েলো। ৮৭ মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেছেন অভিষিক্ত ফুটবলার। তেভেজ-হিগুয়েইনরা সুযোগ নষ্ট না করলে ব্যবধান অবশ্য বড়ই হতে পারত।
আর্জেন্টিনার জয়টা সহজেই এলেও পরশু হোঁচট খেয়েছে হল্যান্ড-ইতালি। প্রীতি ম্যাচে নয়, দুই দলই ড্র করেছে ইউরোর বাছাইপর্বে। হল্যান্ড তো ২০০০ সালের পর নিজেদের মাঠে প্রথমবার হারতেই বসেছিল। প্রায় পুরোটা সময় পিছিয়ে থাকা ডাচ দলকে মহামূল্যবান এক পয়েন্ট এনে দেন ওয়েসলি স্নাইডার, ৯২ মিনিটে গোল করে। বুলগেরিয়ার মাঠে ইতালিও পিছিয়ে পড়েছিল। খেলা শেষের ৬ মিনিট আগে অভিষিক্ত এডার গোল করে ড্র এনে দিয়েছেন দলকে (২-২)। এএফপি।