লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার ইচ্ছা পূরণ হয়নি। পেয়েছিলেন মেসির পাসপোর্ট। সেটিরই ছবি তুলে আর ভিডিও করে রাখলেন। কিন্তু সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দিয়ে এখন ভালো ঝামেলায় পড়েছেন দুবাইয়ের এক পুলিশ কর্মকর্তা। গোপনীয়তা ভঙ্গের কারণে দুবাইয়ের একটি আদালত এক মাসের জেল দিয়েছেন তাঁকে। ভাবছেন মেসির পাসপোর্ট সেই পুলিশ কর্মকর্তা পেলেন কোথায়? ঘটনাটি গত ডিসেম্বরের। গ্লোব সকার পুরস্কারে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে দুবাই এসেছিলেন মেসি। সেই পুলিশ কর্মকর্তা কাজ করেন বিমানবন্দরে। সেখানেই দেখলেন মেসিকে। প্রথম ছবি তোলার অনুরোধ করেছিলেন, কিন্তু ভ্রমণক্লান্তি থাকায় মেসি রাজি হননি। পরে ইমিগ্রেশনে গিয়ে দেখেন মেসির পাসপোর্ট সেখানে রাখা আছে। ব্যস, ছবি তুলে আর ভিডিও করে রাখলেন সেই পাসপোর্টের ছবিটাই। কিন্তু সেটি সবাইকে দেখাতে গিয়ে যে এমন ঝামেলায় পড়বেন, তা বোধ হয় ভাবতেও পারেননি! এএফপি।