মেসির অন্য রকম 'ভক্ত'
লিওনেল মেসির গুণমুগ্ধ ভক্তের অভাব নেই। বার্সেলোনা ফরোয়ার্ডের খেলা দর্শকের চোখে মায়াঞ্জনই বুলিয়ে দেয়। লোকটা লুইস এনরিকে বলেই একটু বিস্মিত হতে হচ্ছে। ভদ্রলোক যে বার্সেলোনার কোচ! গত সপ্তাহেই উচ্ছ্বসিত এনরিকে বলেছিলেন, মেসির খেলা দেখলে প্লে-স্টেশনের দরকার নেই। ডিফেন্ডার হলেও মেসি বিশ্বসেরাই হতেন। পরশুও আবার তাঁকে প্রশংসায় ভাসালেন এনরিকে। এদিন এমন কী করেছেন মেসি? একটা গোল করেছেন বটে, কিন্তু একটা পেনাল্টিও তো মিস করেছেন। তা হলে বার্সেলোনা কোচের অমন উচ্ছ্বাসের কারণ কী?
লেভান্তের সঙ্গে ম্যাচটা দেখে থাকলে অবশ্য কারণটা বুঝে ফেলার কথা। গোল করায় কখনো অরুচি নেই মেসির, এই মৌসুমে যেন গোল করানোটাকেও ব্রত হিসেবে নিয়েছেন। গত পরশুই যেমন নিজে এক গোল করলেও করিয়েছেন দুটি। লা লিগায় চার ম্যাচে এর মধ্যেই ছয়টি গোল করিয়ে ফেলেছেন। এনরিকে সে জন্যই বললেন, ‘মেসি একজন অসাধারণ, স্পেশাল খেলোয়াড়। সতীর্থরা জানে ওর পায়ে বল থাকলে ও শুধু প্রতিপক্ষ খেলোয়াড়দের পরাস্তই করতে পারে না, দারুণভাবে গোল করাতেও পারে। আজ মেসি দারুণ কয়েকটি গোল করিয়েছে, একটা দিয়েছেও।’
বার্সার গোল উৎসব শুরু ৩৪ মিনিটে নেইমার-মেসি যুগলবন্দীতে। মেসির পাস পাওয়ার পর প্রতিপক্ষ গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন নেইমার। ৮ মিনিট পর মেসি নিজেই গোল পেতে পারতেন। পেনাল্টিটা নিজেই আদায় করেছিলেন, কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থও তিনি নিজেই। গোলরক্ষকের অবশ্য কোনো কৃতিত্ব নেই, মেসির শট চলে গেছে পোস্টের বাইরে দিয়ে। মেসিকে ফাউল করেই লাল কার্ড দেখেছেন লেভান্তের ভিন্ত্রা, যদিও রেফারির এই সিদ্ধান্ত ছিল বিতর্কিত।
১০ জনেরলেভান্তে কি আর বার্সেলোনার কাছে পাত্তা পায়! ৪৪ মিনিটে রাকিটিচবক্সের বাইরে থেকে গোলার মতোশটে গোল করে এগিয়ে দেন বার্সাকে (২-০) । ৫৭ মিনিটে সান্দ্রো রামিরেসকে দিয়ে তৃতীয় গোলটা করিয়েছেন মেসি। ৬৪ মিনিটে পেদ্রো করেছেন চতুর্থ গোলটি। ৭৭মিনিটে গোল করে (৫-০) মেসি তৃপ্তিদায়ক এক রাত উপহার দিয়েছেন বার্সাকে।তবে আরেকটা ব্যাপারও এনরিকেকে আপ্লুত করছে।প্রথম চার ম্যাচে একটিও গোল খায়নি বার্সা। লা লিগার ইতিহাসে বার্সার এমন কৃতিত্ব আগে ছিল তিনবার।
তার পরও এনরিকের রাতটা পুরোপুরিই আনন্দময় হয়নি।দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন নেইমার।পরে অবশ্য এনরিকে জানিয়েছেন, সতর্কতার কারণেই নেইমারকে তুলে নেওয়া হয়েছে মাঠ থেকে। এএফপি।
লা লিগার শীর্ষ ৭
খেলা জয় ড্র হার পয়েন্ট
বার্সেলোনা ৪ ৪ ০ ০ ১২
সেভিয়া ৪ ৩ ১ ০ ১০
অ্যাটলেটিকো ৪ ২ ২ ০ ৮
গ্রানাডা ৪ ২ ২ ০ ৮
ভ্যালেন্সিয়া ৩ ২ ১ ০ ৭
ভিয়ারিয়াল ৪ ২ ১ ১ ৭
রিয়াল ৪ ২ ০ ২ ৬