মেসির অপেক্ষায় 'প্লাস্টিক মেসি'

ছোট্ট শিশুটির মুখ দেখা যায় না। পেছন থেকে তোলা তার সাধারণ একটা ছবি। কিন্তু এই ছবিটিই কী গভীর তাৎপর্যপূর্ণ তার জীবনে! কেমন আবেগের বান বইয়ে দিল এটি সামাজিক যোগাযোগমাধ্যমে! এমনই বান, যার স্রোতে ভেসে পাঁচ বছরের মুর্তাজা আহমাদি এখন দেখা করার সুযোগ পাচ্ছে লিওনেল মেসির সঙ্গে।
মাত্র কদিন আগেও আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দারিদ্র্যের মধ্যে বসবাস করা মুর্তাজাই দেখা করতে যাচ্ছে তর্ক সাপেক্ষে বর্তমান সময়ের সেরা ফুটবলারের সঙ্গে। কোথায়, কখন—এখনো ঠিক হয়নি। তবে দেখা যে হচ্ছে, সেটি নিশ্চিত করেছেন মুর্তাজার চাচা ও মেসির চ্যারিটি সংগঠন ‘লিও মেসি ফাউন্ডেশন’।
কদিন আগে মুর্তাজার একটি ছবি টুইটারে ছড়িয়ে পড়েছিল। মেসি-ভক্ত শিশুটি টাকার অভাবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের জার্সি কিনতে পারছিল না বলে নীল-সাদা প্লাস্টিকের ব্যাগে কালো কালি দিয়ে ‘মেসি ১০’ লেখা জার্সি পরত। এই ছবিটিই নাড়িয়ে দেয় ফুটবল-বিশ্বকে। টুইটারে প্রচারণা চলেছে, সেখান থেকে জানতে পেরে মেসির প্রতিনিধিরাও আফগান শিশুটির জন্য কিছু করতে চাইছিলেন। দুইয়ে দুইয়ে চার হওয়াতেই মেসির সঙ্গে দেখা হতে যাচ্ছে ‘প্লাস্টিক মেসি’র।
মুর্তাজার চাচা আজিম জানালেন, ‘মেসি ও তাঁর প্রতিনিধিরা ন্যু ক্যাম্পে মুর্তাজার সঙ্গে দেখা করতে চান। কবে, সেটি জানার জন্য অপেক্ষা করছি।’ আফগান ফুটবল ফেডারেশন ও লিও মেসি ফাউন্ডেশন এখনো বিষয়টি নিয়ে কাজ করছে। স্প্যানিশ দূতাবাসও মুর্তাজা ও তাঁর পরিবারের জন্য ভিসা প্রস্তুত করছে বলে জানা গেছে।
প্রিয় তারকাকে দেখার সম্ভাবনায় মুর্তাজা কতটা খুশি, সেটিও জানালেন তার চাচা, ‘ও খুব আদুরে একটা বাচ্চা। ফুটবল ভালোবাসে। মেসি ও রোনালদো দুজনকেই পছন্দ করে। তবে মেসিকে বেশি। ও শুনেছে মেসির সঙ্গে দেখা হতে যাচ্ছে। ও খুব খুশি। স্বপ্নের তারকাকে দেখার সম্ভাবনায় বেশ উত্তেজিত।’ ডেইলি মেইল।