মেসির অবসরে একজন অন্তত অবাক নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব সময় মেসির দিকেই তাকিয়ে ছিল আর্জেন্টিনা। ফাইল ছবি
সব সময় মেসির দিকেই তাকিয়ে ছিল আর্জেন্টিনা। ফাইল ছবি

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে সবাই অবাক হলেও হোর্হে ভালদানো হননি। ’৮৬-এর বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের এই সদস্য বরং মনে করেন, মেসির ওপর যেভাবে চাপের পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে, তাঁর অবসর নেওয়াটাই স্বাভাবিক! তিনি শঙ্কায় ছিলেন, এমন কিছু একটাই ঘটবে। ভালোদানোর কথা শুনে মনে হচ্ছে, মেসির ফিরে আসার সম্ভাবনাও তিনি দেখেন না! বলেছেন, ‘তার আর দেওয়ার কিছু নেই।’
গত এক দশক ধরেই আর্জেন্টাইনদের স্বপ্ন আবির্ভূত হয়েছে মেসিকে কেন্দ্র করেই। হতাশার কানাগলি পেরিয়ে আর্জেন্টিনা জাদুকর এনে দেবেন তাদের বড় শিরোপা। ২০০৭ কোপা আমেরিকা ফাইনাল, ২০১৪ বিশ্বকাপ ফাইনাল এবং ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকা ফাইনালে উঠেও সে স্বপ্ন পূরণ হয়নি আকাশি-সাদাদের। যখনই আর্জেন্টিনা ব্যর্থ হয়েছে, তখনই সমালোচনার শূলে চড়ানো হয়েছে মেসিকে। ভালদানোর প্রশ্নটা এখানেই, কেন সব সময় মেসির ওপর সব চাপিয়ে দেওয়া হয় ব্যর্থতার দায়, ‘আর্জেন্টিনা সব সমস্যার সমাধান মেসির কাছে চায়। আর্জেন্টিনা এমন একটা দেশ, যেখানে সবাই মনে কাউকে না কাউকে ঈশ্বর প্রেরিত দূত বানিয়ে দেয়, তার কাছেই সব চায়। ফুটবলে আগে যেটা ছিল ম্যারাডোনা, পরে মেসি।’ 

মেসি খেলেন দলের একজন সদস্য হয়েই। ভালদানো তাই মনে করেন, প্রত্যাশা থাকা উচিত দলের সবার কাছেই, ‘শুধু মেসির কাছে না চেয়ে পুরো দলের কাছে চাওয়া উচিত। এই টুর্নামেন্টে মেসি তার সেরা খেলাটাই খেলেছে। অনেক দিনের জমানো হতাশা তাকে ক্লান্ত করে তুলেছে। তার আর দেওয়ার কিছু নেই।’
আর্জেন্টিনার মতো ফুটবল-পাগল দেশে মেসির কাছে বিপুল প্রত্যাশা থাকবে, সেটাই স্বাভাবিক। তবে সেটি যে ঠিক নয়, মনে করিয়ে দিলেন ভালদানো, ‘ফুটবলের সঙ্গে আমাদের যে মাত্রাতিরিক্ত সম্পর্ক, আর্জেন্টিনার মতো দেশে চাপ নেওয়া সহজ নয়। প্রত্যেক টুর্নামেন্টে (আর্জেন্টিনা) সেরা খেলোয়াড় ছিল মেসি। সব হতাশা তার ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।’