মেসির আরেক মুকুট কাড়লেন ডি মারিয়া

লিওনেল মেসির দীর্ঘ দিনের সব সাম্রাজ্য একে একে দখল হয়ে যাচ্ছে। এর মধ্যে দুটো মুকুট কেড়ে নিলেন তাঁর সতীর্থরাই। বার্সেলোনার গত মৌসুমে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন হাভিয়ের মাচেরানো। এবার আর্জেন্টিনার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি চলে গেল অ্যাঙ্গেল ডি মারিয়ার দখলে। ২০০৬ সাল থেকে গত বছর পর্যন্ত এই পুরস্কার টানা মেসিই জিতে এসেছেন।
২০১৪ সালটি কিন্তু মোটেও খারাপ কাটেনি মেসির। এ বছর ৬৫ ম্যাচে ৫৬ গোল করেছেন। ২১টি গোল করিয়েছেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। কিন্তু তার পরও মেসি নিজেই নিজের স্থানটি এত উঁচুতে বেঁধে ফেলেছেন, নিজের তুলনায় এমন গোলবিধৌত বছরও কেমন ম্লান দেখাচ্ছে। তা ছাড়া ক্লাবের হয়েও এ বছর বলার মতো তেমন কিছু জেতেননি।
অন্যদিকে মেসির মতো গোল না করলেও রিয়াল মাদ্রিদের ১২ বছর পর চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ডি মারিয়া। বিশ্বকাপেও আর্জেন্টিনার বড় ভরসা ছিলেন। চোটের কারণে ফাইনালটি খেলতে না পারলেও তাঁর গোলেই সুইস–বাধা টপকায় আর্জেন্টিনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর পেছনেও আছে তাঁর ভূমিকা। এ বছর ডি মারিয়া ৪২ ম্যাচে সাতটি গোল করেছেন, করিয়েছেন ২৫টি।
ডি মারিয়ার পাশাপাশি আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে বর্ষসেরা হয়েছেন ভেলেজ সার্সফিল্ডের লুকাস প্রাত্তো। মিরর।