মেসির আরেক রেকর্ড

রাউলকে পেরিয়ে গিয়েছিলেন, আবার যানওনি। চ্যাম্পিয়নস লিগে রাউলের সর্বোচ্চ গোলের রেকর্ড মেসি ভেঙেছিলেন আগেই। কিন্তু সব ধরনের ইউরোপিয়ান প্রতিযোগিতা মিলিয়ে গোলসংখ্যার রেকর্ডটিতে তখনো মিটিমিটি হাসছিলেন রাউল। কাল রাতে মেসি ধরে ফেললেন রাউলের সেই রেকর্ডটিও। ইউরোপে রাউল আর মেসি দুজনের গোলই এখন ৭৬টি। মেসি ৭৫টি গোল করেছেন চ্যাম্পিয়নস লিগে, আরেকটি গোল করেছেন উয়েফা সুপার কাপে।
আরেকটি ম্যাচ, মেসির আরেকটি রেকর্ড। কাল রাতে পিএসজির বিপক্ষে ১৯ মিনিটে সমতা ফেরানো গোলটি দিয়েই এই রেকর্ড ছুঁয়ে ফেলেন মেসি। মাত্রই কিছুদিন আগে রাউলের ৭১ গোলের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এর চার দিন আগে তেলমো জারার রেকর্ড ভেঙে দিয়ে হয়েছেন স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতাও। রেকর্ড ভাঙার এই মৌসুমে মেসির মুকুটে কাল রাতে যুক্ত হলো আরেকটি পালক।
ইউরোপের সব কটি প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার এই তালিকায় মেসি-রাউলের পরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর গোল ৭৫টি। এরপর আছেন ফিলিপ্পো ইনজাগি (৭০), জার্গ মুলার (৬৯), আন্দ্রেই শেভচেঙ্কো (৬৭) এবং রুড ফন নিস্টলরয় (৬২)। এএফপি।