মেসির আরেকটি গোলের রেকর্ড

ব্যালন ডি’অর জয়, এরপর ফিফা বর্ষসেরা পুরস্কার দ্য বেস্টও। লিওনেল মেসিকে পেছনে ফেলে গত কিছুদিন পত্রিকার পাতা জুড়ে সরব উপস্থিতি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে মেসি নিজের কাজটা কিন্তু করে চলেছেন। লাস পালমাসের বিপক্ষে কাল বার্সার ৫-০ গোলের জয়ে আরেকটি গোলের রেকর্ডে নাম লেখালেন আর্জেন্টাইন তারকা।
৫-০ ব্যবধানের বড় জয়ে একটি গোলই করেছেন। তবে এই এক গোলেই স্প্যানিশ লিগে রাউল গঞ্জালেসের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। লিগে ৩৫টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে গোল করার রেকর্ডটিতে এখন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকারের সঙ্গে মালিকানা আছে তাঁরও।
স্প্যানিশ লিগে যতগুলো দলের বিপক্ষে খেলেছেন এর মধ্যে মাত্র তিনটিই মেসিকে গোলবঞ্চিত রাখতে পেরেছে। এই তিন দলের একটিও এখন স্পেনের শীর্ষ লিগে খেলছে না। আবার ফিরলে হয়তো জেরেজ, মুর্সিয়া ও কাদিজের বিপক্ষে গোল না করতে পারার রেকর্ডটা মুছে দেবেন। বার্সেলোনা আর রিয়ালের প্রতিদ্বন্দ্বিতা বেশ পুরোনো। তবে মেসির মতো একজন তারকার এমন কীর্তিতে খুশিই হয়েছেন রাউল, ‘লা লিগায় প্রতিদিন তোমার গোলগুলো উপভোগ করা অনেক আনন্দের।’ সূত্র: গোল।