মেসির আরেকটি রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৭ সালেই ফ্রি-কিক থেকে চারটি গোল হয়ে গেছে মেসির
২০১৭ সালেই ফ্রি-কিক থেকে চারটি গোল হয়ে গেছে মেসির

লিওনেল মেসির ফ্রি-কিক দৃষ্টির জন্য খুবই সুখকর। ছোট্ট দৌড় শেষে বলে আলতো করে বাঁকানো একটা শট নেন। বাতাসে ভাসতে ভাসতে হঠাৎ করেই খানিকটা নেমে আসে বল, গোলকিপারকে হকচকিত করে জড়িয়ে যায় জালে। গোলকিপারের জন্য একটু মায়াও হয় তখন, সবচেয়ে ভালো অবস্থানে থেকে ফ্রি-কিকটি দেখার পরও একদমই উপভোগ করতে পারছেন না বেচারা!
পরশু তাই অ্যাথলেটিক বিলবাওয়ের পেনাল্টি বক্সের বাইরে বলটা নিয়ে যখন মেসি দাঁড়ালেন, তখনই হয়তো কুঁ ডেকেছিল গোরকা ইরাইজজের মনে। এক মাসের মধ্যেই যে দুবার তাঁকে অসহায় দর্শক বানিয়ে গোল করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। দুটি ফ্রি-কিক ছিল আবার দুরকম। এর আগেও যে আরও দুবার মেসির ফ্রি-কিক তাঁকে ফাঁকি দিয়েছে। মোট চারবার মেসির ‘নির্দয় আচরণের’ শিকার হয়েছেন বিলবাও গোলকিপার। পরশু তাই বড় চিন্তায় ছিলেন ইরাইজজ, ‘আজ না জানি কী করে!’
যা করেছেন মেসি, সেটা অবিশ্বাস্য। ফ্রি-কিক পেয়েছিলেন দুরূহ এক কোণে। কর্নার বললেই হয়তো বেশি মানাত। কিন্তু কে জানে গোলে ইরাইজজকে দেখেই হয়তো অমন জায়গা থেকেও ক্রস না করে সরাসরি শট নিলেন। বলটি কিছুটা গিয়েই বাঁক নিল, একটু নিচু হলো। আর ইরাইজজকে বনের বাঘ নয়, মনের বাঘেই খেল! হাত লাগাতে পারলেও বলটাকে পুরোপুরি আটকাতে পারলেন না।
অদ্ভুত এই গোলেই রেকর্ড হয়ে গেল মেসির। বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে ফ্রি-কিক থেকে সবচেয়ে বেশি গোল এখন শুধুই মেসির (২৭টি)। সাবেক ডাচ ডিফেন্ডার রোনাল্ড কোম্যানকে (২৬টি) ছাড়িয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। এতে ২০১৭ সালেই ফ্রি-কিক থেকে চারটি গোল হয়ে গেছে মেসির। ফ্রি-কিক থেকে এক বছরে মেসি এর চেয়ে বেশি গোল করেছিলেন শুধু ২০১২ সালে (৫টি)। পরশু মেসির পর বার্সার তৃতীয় গোলটি করেছেন অ্যালেক্স ভিদাল। আর এতেই এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ১০০ গোল করে ফেলল বার্সেলোনা। মজার ব্যাপার বার্সার পর, ফ্রেঞ্চ লিগে নিসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে মোনাকো। ওতেই গোলের সেঞ্চুরি হয়ে গেল ফ্রেঞ্চ লিগের শীর্ষে থাকা দলটির। মার্কা, রয়টার্স।