মেসির আরেকটি হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারকে নিয়ে এমন উদ্‌যাপন পরশু তিনবার করেছেন মেসি। পেয়েছেন দারুণ এক হ্যাটট্রিক l রয়টার্স
নেইমারকে নিয়ে এমন উদ্‌যাপন পরশু তিনবার করেছেন মেসি। পেয়েছেন দারুণ এক হ্যাটট্রিক l রয়টার্স

ইশ্, দুই নম্বর গোলটা যদি ডান পা দিয়ে দিতেন! তাহলেই তো হয়ে যেত ‘পারফেক্ট হ্যাটট্রিক’। প্রথম গোলটা দুর্দান্ত এক হেডে করেছেন, শেষটা করেছেন বাঁ পায়ের তীব্র শটে। মাঝখানের গোলটা দিয়েছেন বাঁ পায়ের আলতো ছোঁয়ায়। হ্যাটট্রিক করাটা লিওনেল মেসি একরকম ডালভাতই বানিয়ে ফেলেছেন, পরশু পেয়েছেন লা লিগায় তাঁর ২২তম হ্যাটট্রিক (মৌসুমের তৃতীয়)। সেই সঙ্গে আরেকটি আত্মঘাতী গোলে বার্সেলোনা দেপোর্তিভোর সঙ্গে পেয়েছে ৪-০ গোলের বড় জয়।
দেপোর্তিভোর মাঠ মেসির জন্য সব সময়ই প্রিয় মৃগয়াক্ষেত্র। ন্যু ক্যাম্পের বাইরে লা লিগায় সবচেয়ে বেশি গোল (৯টি) দিয়েছেন এস্তাদিও রিয়াজরেই। দেপোর্তিভো গোলরক্ষক অবিশ্বাস্য একটা সেভ না করলে সংখ্যাটা ১০-ই হয়ে যেত।
বেশ কিছুদিন থেকেই লুইস এনরিকের সঙ্গে মেসির কথিত বিবাদ নিয়ে অশান্ত ন্যু ক্যাম্প। সেই বিতর্ক এখন থিতিয়ে গেছে কি যায়নি সেটি পরের ব্যাপার। তবে সত্যি যে, মাঠে সেটির ছিটেফোঁটা প্রভাব নেই বার্সেলোনার খেলায়। আগের সপ্তাহ অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে দুর্দান্ত জয়ের পর পরশু বার্সেলোনা খেলল মন ভরানোর মতোই। আর এনরিকের কথা শুনলে তো বিশ্বাস করা কঠিন, মেসির সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব আছে, ‘মৌসুমের পুরোটাই মেসি নিজের অসাধারণ মানটা ধরে রেখেছে। কখনোই তার ফর্ম এতটুকু পড়েনি। সে আসলেই বিশ্বমানের।’ তবে দলে এখনো উন্নতির সুযোগ দেখছেন বার্সেলোনা কোচ, ‘ঘরের বাইরে আমাদের রক্ষণটা জমাটই থাকে। কিন্তু আক্রমণ ও রক্ষণে আমাদের আরও কার্যকর হতে হবে। উন্নতির আরও অনেক সুযোগ আছে।’
আগের ম্যাচে রিয়াল মাদ্রিদও জেতায় বার্সেলোনা তাই ১ পয়েন্ট পিছিয়ে দুইয়েই অবস্থান করছে। বার্সা অবশ্য ম্যাচ খেলেছে একটি বেশি। ৩ পয়েন্ট পিছিয়ে তিনে আছে অ্যাটলেটিকো, পরশু ডিয়েগো সিমিওনের দল গ্রানাডাকে হারিয়েছে ২-০ গোলে। গোল পেয়েছেন মারিও মানজুকিচ ও রাউল গার্সিয়া। এএফপি।