মেসির সতীর্থের প্রশ্ন, বাংলাদেশে ফুটবল শুরু হবে কবে?

এএফসি কাপে প্রতিপক্ষের বাধা টপকে বের হওয়ার চেষ্টায় হার্নান বার্কোস (২৮ নম্বর জার্সি)ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোসের সময় যেন কাটছেই না। মাঠে খেলা না থাকলে কোন খেলোয়াড়েরই বা ভালো লাগে! বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড হতাশা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখানে জানতে চেয়েছেন, বাংলাদেশের খেলা শুরু হবে কবে?


বার্কোসের নামটি শুনলেই ১১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরে তাকান অনেকেই। স্মৃতি থেকে বের হয়ে আসে একের পর উদ্‌যাপনের ছবি। এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে ৫-১ গোলে জিতেছিল বসুন্ধরা কিংস। বড় জয়ের ম্যাচে এক হালি গোলে বাংলাদেশের ফুটবলে অভিষেক হয়েছিল এই আর্জেন্টাইনের। কিন্তু একদিকে বার্কোস গোলের মেলা দেখিয়ে দেশের ফুটবলপ্রেমীদের লোভ বাড়িয়ে দিলেন, অন্যদিকে সে সময়ই করোনার কারণে ফুটবল বন্ধ।

করোনার পরের সময়ে অনেক দেশের খেলা শুরু হয়ে গেলেও বাংলাদেশে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। যদিও বাফুফের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরে শুরু হবে খেলা। তা-ও তো আরও দুই মাসের অপেক্ষা।

অথচ ছুটি কাটিয়ে গত মাসে ঢাকায় পা রেখে দলের সঙ্গে টানা অনুশীলন করে যাচ্ছেন লিওনেল মেসির আর্জেন্টিনা দলের সাবেক সতীর্থ। কিন্তু যে খেলার জন্য অনুশীলন, সেই খেলায় যদি না থাকে, তাহলে আর অনুশীলন কেন? ফেসবুকে সে অসহায় ক্ষোভ জানিয়েছেন বার্কোস, ‘আদৌ কি একদিন বাংলাদেশে ফুটবল ফিরবে? নাকি আমরা শুধু অনুশীলনই করে যাব?’

তাঁর পোস্টে অনেক মন্তব্যই এসেছে। এর মধ্যে একজন বার্কোসকে ভালোবাসার কথা জানিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, ‘বার্কোস আমরা জানি না কবে বাংলাদেশে ফুটবল ফিরবে। কিন্তু তুমি তো জানো আমরা তোমাকে কতটা ভালোবাসি। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে তুমি বড় একজন তারকা। ধৈর্য ধরে এখানে থেকে যাওয়ার অনুরোধ করছি। আশা করি আমরা আবারও এক সঙ্গে স্টেডিয়ামে গর্জন তুলব।’


কিন্তু বার্কোসকে কী আর দেখা যাবে বাংলাদেশের ফুটবলে? এই প্রশ্নটা থেকেই যায়।

টিসি স্পোর্টসকে দুমড়েমুচড়ে দিয়ে এবারের এএফসি কাপে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা। কিন্তু করোনার কারণে এরপর স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি। এই অক্টোবরেই আবার পুনরায় শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্টের বাকি ম্যাচ। সে জন্য নতুন দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনিও ও জোনাথন ফার্নান্দেজের সঙ্গে গত ১০ সেপ্টেম্বর ঢাকায় ফিরেন বার্কোস।

কিন্তু ভেন্যু জটিলতায় শেষ পর্যন্ত বাতিল করা হয় টুর্নামেন্টটি। দুই ব্রাজিলিয়ানের সঙ্গে আগামী মৌসুম পর্যন্ত চুক্তি থাকলেও বার্কোসের সঙ্গে বর্তমান চুক্তি শেষ হয়ে যাবে ডিসেম্বরে। প্রথমে জানা যায় চুক্তি নবায়ন করে ২০২১ সাল পর্যন্ত বসুন্ধরায় থাকার সম্মতি দিয়েছেন বার্কোস। কিন্তু বার্কোসের ব্রাজিলিয়ান স্ত্রী জিউলি সন্তানসম্ভবা হওয়ায় এখন তিনি বাংলাদেশে থাকতে চাইছেন না।