মেসির উচিত রোনালদোর জুভেন্টাসে যাওয়া

মেসি ও রোনালদোকে একই জার্সিতে দেখা যাবে?ফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্য এভাবেই হয়তো খেলতে পছন্দ করে।

গত মৌসুমে কত চেষ্টাই না করলেন লিওনেল মেসি। বুরোফ্যাক্স পাঠালেন, ক্লাবের সে সময়ের সভাপতির দিকে ক্ষোভ ঝাড়লেন। ক্লাবের স্কোয়াডে কোনো পরিকল্পনার ছাপ নেই,  ইউরোপে জেতার ইচ্ছা নেই জানিয়ে নিজের হতাশার কথা প্রকাশ করলেন। কিন্তু এত চেষ্টাতেও বার্সেলোনা ছাড়তে পারলেন না। এক বছর পর পুরো উল্টো ব্যাপার। দলের পরিকল্পনা নিয়ে তৃপ্ত মেসি। দলবদলে যাঁদের টানা হয়েছে, সবাইকে নিয়ে সন্তুষ্ট অধিনায়ক। নিজেও পাঁচ বছরের জন্য চুক্তি করতে বেতনও কমিয়ে ফেলেছিলেন। সেই মেসির বার্সেলোনায় থাকা হচ্ছে না!

বার্সেলোনা ছেড়ে মেসি এখন পিএসজিতে যাচ্ছেন বলেই খবর। তাহলেই মেসি ও নেইমারকে আবার খেলতে দেখা যাবে একসঙ্গে। কিন্তু এ জুটিকে তো আগেও খেলতে দেখা গেছে। হামেস রদ্রিগেজ চাইছেন তাই অন্য কিছু। তাঁর আশা বিশ্বজুড়ে সব ফুটবল সমর্থকের আশা পূরণ করবেন মেসি। অবশেষে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জুটি গড়বেন মেসি—এমনটাই আশা সাবেক রিয়াল মাদ্রিদ তারকার।

এমন কিছু কি কখনো দেখা যাবে?
ছবি: টুইটার

মেসির সঙ্গে চুক্তির কথাবার্তা সব পাকা করে রেখেছিল বার্সেলোনা। পাঁচ বছরের চুক্তিতে মাত্র দুই বছরের বেতনের ব্যবস্থাতেও রাজি হয়েছিলেন মেসি, শুধু নিজের ক্লাবে থাকবেন এই আশায়। কিন্তু আর্থিক সংগতি নীতিতে সে চুক্তি করা সম্ভব হলেও লা লিগার বেঁধে দেওয়া বেতনের সীমা অতিক্রম করছিল মেসির চুক্তি। তাই মেসিকে ধরে রাখার ব্যাপারে হাল ছেড়ে দেওয়ার কথা বলে দিয়েছেন নতুন সভাপতি হোয়ান লাপোর্তা।

এ অবস্থায় মেসিকে কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে, সে আলোচনা চলছে। গত মৌসুমে এ দৌড়ে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু মেসিকে বার্সেলোনা ধরে রাখতে পারছেন না—এ খবর আসার কিছুক্ষণ আগেই ১১ কোটি ইউরোরও বেশি খরচ করে জ্যাক গ্রিলিশকে কিনে এনে ১০ নম্বর জার্সি ধরিয়ে দিয়েছে সিটি। হ্যারি কেইনের পেছনে ছোটা সিটির পক্ষে এখন যে মেসিকে নেওয়া সম্ভব না, সেটা স্বীকার করে নিয়েছেন সিটির কোচ পেপ গার্দিওলা।

সমর্থকদের চোখে পিএসজির আক্রমণভাগ এখন এমন
ছবি: টুইটার

এ অবস্থায় তাই পরিষ্কার এগিয়ে আছে পিএসজি। নেইমার-এমবাপ্পের দল এ মৌসুমেই দলে টেনেছে সের্হিও রামোস, ভাইনালডাম, হাকিমি, দোন্নারুম্মাদের। এবার পিএসজিতে মেসিও যোগ দেওয়ার খবরে জিবে জল আনতে বাধ্য যে কারও। বর্তমানে এভারটনে খেলা কলম্বিয়ান প্লে মেকার রদ্রিগেজের চাওয়া অবশ্য ভিন্ন।

ভিডিও লাইভ স্ট্রিমিং সার্ভিস টুইচে এক স্ট্রিমিং সেশনে এসে হামেস বলেছেন, ‘মেসির উচিত জুভেন্টাসে যাওয়া এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলা। এটা দুর্দান্ত কিছু হবে। অনেক ভক্তেরই স্বপ্ন এ দুজনকে একসঙ্গে খেলতে দেখার। বার্সেলোনার হয়ে প্রতি মৌসুমে অন্তত ৩০ গোল আর ৩০টি গোলে সহায়তা করতেন মেসি। এখন অন্য খেলোয়াড়দের কাছ থেকে এটা বের করতে হবে।’

মেসি ও রোনালদো
ফাইল ছবি: এএফপি

নেইমার লা লিগাকে বিদায় দিয়েছেন ২০১৭ সালে। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন পরের বছরেই। এবার মেসিও যদি বিদায় নেন, তাহলে আক্ষরিক অর্থেই লা লিগায় দর্শক টানার মতো খেলোয়াড় আর থাকছেন না কেউ।

সাবেক রিয়াল তারকার ধারণা, লা লিগা বা এল ক্লাসিকোর আবেদন এখন অনেক কমে যাবে, ‘ফুটবল অনেক বদলে গেছে, মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়া সেটাই নিশ্চিত করে দিল। কে চিন্তা করেছিল, মেসি বার্সেলোনা ছাড়বেন অথবা সের্হিও রামোস রিয়াল মাদ্রিদ ছাড়বেন? এল ক্লাসিকো এখন থেকে বদলে যাবে। আগে ক্যামেরা ক্রিস্টিয়ানো বা মেসিকে খুঁজত। মানুষ এখনো এ ম্যাচ দেখবে কিন্তু আর আগের মতো হবে না।’