মেসির উপহার
লিওনেল মেসি কথা দিয়েছেন, আর সেটি রাখেননি, এমন কখনো হয়েছে? মার্কিন বাস্কেটবল তারকা স্টিফেন কারিকে দেওয়া প্রতিশ্রুতির ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হলো না। কথা দেওয়া, রাখা—পুরোটাই অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত। গত ডিসেম্বরে ইনস্টাগ্রামে ৩০ মিলিয়ন অনুসারী হয়েছিল মেসির। কাকতালীয়ভাবে আমেরিকার বাস্কেটবল লিগে (এনবিএ) গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সে কারির জার্সি নম্বরও ৩০। ইনস্টাগ্রামে মেসির এই ‘অর্জনে’ তাই নিজের একটি জার্সি উপহার দিয়েছিলেন ২৮ বছর বয়সী মার্কিন তারকা। মেসিও তখন বলেছিলেন, কারির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১০ মিলিয়নে পৌঁছালে তিনিও জার্সি উপহার দেবেন। কথা রাখলেনও। কারি ১০ মিলিয়ন অনুসারী পেলেন, আর আর্জেন্টাইন অধিনায়ক বার্সেলোনায় নিজের ‘১০’ নম্বর জার্সিটা উপহার হিসেবে পাঠিয়ে দিলেন। জার্সির সঙ্গে গেল ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা জানানো ছোট্ট একটি চিঠিও। এএফপি।