মেসির কঠোর সমালোচনায় হিউম্যান রাইটস ফাউন্ডেশন

মেসির হয়ত অনুশোচনা হচ্ছে এখন। গ্যাবন প্রেসিডেন্ট আলী বঙ্গোকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে কী বিপাকেই না পড়েছেন এই আর্জেন্টাইন তারকা! কথা হচ্ছে মেসির গ্যাবন সফর নিয়ে। গত দুসপ্তাহ জুড়ে এই সফর নিয়ে সমালোচনা চলছে। এবার বিশ্বের শীর্ষ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ফাউন্ডেশনও যোগ দিল সমালোচকদের দলে। তাঁদের ভাষায় মেসি নাকি শোষকদের দলে যোগ দিয়েছেন!
গত ১৭ই জুলাই প্রথমবারের মতো গ্যাবন ঘুরতে যান। ২০১৭ আফ্রিকান ন্যাশনস কাপের ফাইনালের স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করাই ছিল তাঁর সফরের উদ্দেশ্য। সেই সঙ্গে একটি হাসপাতালও দেখে আসেন তিনি। একটি রেস্তোরাঁও ঘুরে এসেছিলেন, যা আবার বঙ্গো পরিবারের মালিকানাধীন। প্রথমে রটেছিল মেসি নাকি এই ভ্রমণের জন্য ৩৫ লাখ ডলার উপহার নিয়েছেন! তবে মেসি ও গ্যাবন সরকার উভয় পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়।
এবারের অভিযোগ আরও গুরুতর। মেসির এই ভ্রমণ নাকি আলী বঙ্গোর সরকারের প্রতি মেসির সমর্থনের বহিঃপ্রকাশ। অন্তত মানবাধিকার সংস্থাটির ধারণা তাই। হিউম্যান রাইটসের সঙ্গে গ্যাবন রাষ্ট্রপতির বিরোধ অনেক দিন ধরেই। আলী বঙ্গোর ক্ষমতায় আরোহণ ছিল প্রশ্নবিদ্ধ। কিছুদিন আগেই ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শিশু হত্যার মতো জঘন্য অপরাধের সঙ্গেও জুড়েছে তাঁর সরকারের নাম। হিউম্যান রাইটসের সভাপতি থর হালভরসেন তাই মেসির কর্মকাণ্ডে অবাক হয়েছেন।
'শিশু অধিকার নিয়ে মেসির ভূমিকা প্রশংসনীয়। ইউনিসেফের প্রতিনিধি হিসেবেও কাজ করেন তিনি। কিন্তু বঙ্গোর গ্যাবন সরকার শিশু হত্যার মতো বিষয়ে তদন্তে অস্বীকৃতি জানিয়েছে। তাঁদের সঙ্গে সম্প্রীতি পূর্ণ সম্পর্ক রেখে নিজের দাতব্য কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করছেন মেসি।'
' মেসির এই সফর ছিল বঙ্গো সরকারের একটি সুচিন্তিত চাল। ২০১৭ সালের আফ্রিকান ন্যাশনস কাপের আয়োজক হিসেবে নিজেদের বিজ্ঞাপন করিয়ে নিল তাঁরা। এই প্রতিযোগিতার বিপুল ব্যয় বহন করতে তাঁদের কার্পণ্য নেই, অথচ দেশটির ২০ ভাগ লোকের দৈনিক আয় এখনো ২ ডলারেরও কম।'
সংস্থাটির প্রধান নীতিনির্ধারক অ্যালেক্স গ্ল্যাডস্টেইন অবাক হচ্ছেন অন্য কথা ভেবে। কিছুদিন আগেই জেনিফার লোপেজ, মারায়া ক্যারি এবং কেন ওয়েস্টকে অপমানের শিকার হতে হলো এ ধরনের ঘটনায়। তবুওবঙ্গোর মতো শাসকের সঙ্গে নিজেকে জড়ানোর ঝুঁকি মেসি নিলেন কীভাবে? '
' মেসির যদি গ্যাবনের উন্নয়নের প্রতি বিন্দুমাত্র আগ্রহ থাকে তবে শাসকদের সঙ্গে উৎসবে না মাতাই ভালো। বরং দেশটির ওই সব মানুষ যারা নির্যাতনের শিকার, তাঁদের জন্য সহমর্মিতা জানানো উচিত। একই সঙ্গে শিশু নির্যাতন ও হত্যার বিষয়গুলো তদন্ত করতে রাষ্ট্রপক্ষকে চাপও দিতে পারেন তিনি।'
সব মিলিয়ে ভালো বিপদেই পরেছেন মেসি। ফুটবলের অন্যান্য তারকাদের তুলনায় মাঠের বাইরের মেসি ছিলেন অনুকরণীয় এক চরিত্র। একদিনের এক সফরেই এত দিনের সেই ভাবমূর্তি ধুলোয় মিশে যাওয়ার দশা। খেলোয়াড়ি জীবনের নানা সমালোচনার জবাব দিয়েছেন নিজের বুদ্ধিদীপ্ত চাতুর্য আর শ্রম দিয়ে। এবার মাঠের বাইরের জীবনেও তাঁর জবাব দেওয়ার পালা। গোলডটকম অবলম্বনে