মেসির কণ্ঠে কৃতজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই মাঠে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন লিওনেল মেসি ছবি: এএফপি
এভাবেই মাঠে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন লিওনেল মেসি ছবি: এএফপি

প্রথমেই মেসি ধন্যবাদ দিলেন তাঁর সতীর্থদের। এরপর কোচদের—বার্সেলোনার হয়ে অভিষেকের পর থেকেই যাঁদের ছায়ায় তিনি নিজেকে তৈরি করেছেন। পুরো ব্যাপারটাই তাঁর কাছে বিস্ময়ের, নিযুত আনন্দের এক অনুভূতি, ‘আমি এখন স্প্যানিশ ফুটবলের ইতিহাসের সবচেয়ে সেরা গোলদাতা!’
চিরদিনের বিনয়ী মেসি এমন একটা মুহূর্তেও মাটিতেই পা রাখলেন। বললেন, ‘জীবনেও ভাবিনি এমন একটা রেকর্ডের মালিক হতে পারব।’ ২০০৫ সালের মে মাসে স্প্যানিশ লিগে এসেছিল তাঁর প্রথম গোলটি। সেভিয়ার বিপক্ষে তেলমো জারার রেকর্ডটি ভেঙে তাঁর খুব মনে পড়ছে আলবাসেতের বিপক্ষে সেই ম্যাচটির কথা, ‘বিশ্বাস করুন, আজ থেকে নয় বছর আগে আমি যখন স্প্যানিশ লিগে নিজের প্রথম গোলটি করেছিলাম, তখন একটি বারের জন্যও রেকর্ড-টেকর্ডের কথা চিন্তা করিনি। এমন অসাধারণ অর্জন সম্ভব হয়েছে সবার সমর্থন আর অনুপ্রেরণাতেই।’
নিজের ফেসবুকে মেসির লেখা প্রতিটি অক্ষরেই ঝরে পড়েছে কৃতজ্ঞতা। এই অসাধারণ অর্জনটি তিনি উৎসর্গ করেছেন সেই সব মানুষকে যাঁরা এই মুহূর্তে বার্সার সঙ্গে নেই, কিন্তু একটা সময় ছিলেন, প্রভাব তৈরি করেছিলেন তাঁর ক্যারিয়ারে, ‘যাঁরা আমাদের সঙ্গে এই মুহূর্তে নেই, তাঁদের উৎসর্গ করতে চাই এই রেকর্ড। আমি জানি তাঁরা আমার ক্যারিয়ারে কী ধরনের প্রভাব তৈরি করেছিলেন। আমি কোনো দিনও তাঁদের ভুলব না।’ সূত্র: এএফপি