মেসির কথায় বিভ্রান্তি

‘আমি জানি না আগামী বছর আমি কোথায় খেলব! হয়তো আমি আর্জেন্টিনার ক্লাব নিওয়েলসেও খেলতে পারি। ক্রিস্টিয়ানো রোনালদোর ভাষায় যদি বলি ফুটবলে অনেক কিছুরই পরিবর্তন হয়। এতে যেকোনো কিছুই ঘটতে পারে।’ কথাগুলো লিওনেল মেসির। জুরিখে ব্যালন ডি’অর ঘোষণার মূল অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হয়ে তাঁর মুখ থেকে বেরিয়ে এসেছে এ কথাগুলো। মেসির এই মন্তব্যে স্বাভাবিকভাবেই শুরু হয় কানাঘুষা। ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি আছে তাঁর। আর তিনি কিনা বলছেন, আগামী বছর তিনি কোথায় খেলবেন তা তিনি জানেন না! ‘ফুটবলে অনেক কিছুই বদলে যায়’-সংক্রান্ত দার্শনিকতাতেও অনেকেরই ভুরু কুঁচকে গেছে। তবে কী সত্যি সত্যিই বার্সেলোনা ছাড়ছেন মেসি!
কোচ লুইস এনরিকের সঙ্গে তাঁর নাকি দ্বন্দ্ব। এ নিয়ে বিশ্ব মিডিয়ায় জল ঘোলাও কম হচ্ছে না। তিনি নাকি বার্সেলোনা ব্যবস্থাপনাকে হুমকি দিয়েছেন এনরিকে থাকলে তিনি বার্সায় থাকবেন না। এমন পরিস্থিতিতে সোজা-সাপ্টা কথাবার্তা না বলে ইনিয়ে-বিনিয়ে দার্শনিকতা করলে তা একটু বিভ্রান্তির জন্ম দেয় বৈকি!
সংবাদ সম্মেলন শেষে মিক্সড জোনে ছুটলেন অনুসন্ধিৎসু সাংবাদিকেরা। দূর করতে হবে বিভ্রান্তি। মেসি আসলে কী বলতে চান। মেসিকে ধরা হলো। এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েই কিছুটা যেন বিরক্তি, ‘এ জন্য আমি কথা বলতে চাই না। কথা বললেই কোনো না কোনো বাক্যের অপব্যাখ্যা দাঁড় করিয়ে দেওয়া হয়। আমি যা-ই বলে থাকি না কেন, আমি কোনোমতেই বার্সেলোনা ছাড়ছি না। এই মুহূর্তে বার্সা ছাড়ার কোনো পরিকল্পনা আসলেই আমার নেই।’
ফিরে যাওয়া যাক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মেসি। একটুও ভণিতা নেই তাঁর প্রশংসায়। বলেছেন, ‘গত এক বছর ক্রিস্টিয়ানো যা করেছে তা এককথায় দুর্দান্ত। কোনো প্রশংসাবাক্যই তাঁর কীর্তির সঠিক মূল্যায়ন করে না।’