মেসির কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি
মেসি

‘মেসি যতটা না আর্জেন্টিনার, তার চেয়ে অনেক বেশি বার্সেলোনার’—ক্যারিয়ারের অনেকটা সময় পর্যন্ত এই ‘অপবাদ’ শুনতে হয়েছে মেসিকে। দেশের হয়ে নিবেদিতপ্রাণ নন, কথাটা যে সর্বৈব মিথ্যা, সেটা ধীরে ধীরে প্রমাণ করেছেন। কিন্তু সমালোচকদের ছুরিতে তো সব সময় শাণ দেওয়াই থাকে। জাতীয় সংগীতের সময় মেসি নির্লিপ্ত থাকেন, দেশের জন্য টান কম—এসব এই বিশ্বকাপ পর্যন্তও শুনতে হয়েছে। আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে গেছেন, কিন্তু সমালোচনা থেমে থাকেনি। নিরন্তর তাই সামলাতে হয়েছে ঝাঁকে ঝাঁকে উড়ে আসা কথার হুল।
মিথ্যা অপবাদ শুনতে কাঁহাতক ভালো লাগে? মেসি কখনো কিছু বলেননি, তবে ভেতরে ভেতরে কি অভিমানের একটা চোরা স্রোত বয়ে যায়নি? ওটা সত্যি বলেই জানিয়েছেন আর্জেন্টাইন লিগ ক্লাব আর্সেনালের সভাপতি রিকার্দো গ্রন্দোনা। হ্যাঁ, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সদ্য প্রয়াত সভাপতি হুলিও গ্রন্দোনার ছেলে রিকার্দোই জানিয়েছেন, ‘এটা সত্যি, এসব সমালোচনায় লিও কিছুটা আহত হয়েছে।’
জার্মানির সঙ্গে ৩ সেপ্টেম্বরের প্রীতি ম্যাচে খেলেননি মেসি। সেটা অবশ্য চোটের কারণেই। বিশ্বকাপ ফাইনালের ‘প্রতিশোধ’ নেওয়াটাও দেখেছেন দর্শক হিসেবে।আর্জেন্টাইন ক্লাব আর্সেনালের সভাপতি রিকার্দো দাবি করছেন, ‘ওর ফেরাটা শুধুই সময়ের ব্যাপার। ভবিষ্যতের জন্য তো ওকে বিশ্রাম দিতে হবে।’
এই কথা থেকেই আভাস পাওয়া যায়, আর্জেন্টিনার হয়ে সব ম্যাচে মেসি নাও খেলতে পারেন। রিকার্দোও নিশ্চিত করেছেন, বার্সেলোনাও মেসিকে আরও বেশি বিশ্রাম দেওয়ার অনুরোধ করেছে। তবে চিলিতে অনুষ্ঠেয় ২০১৫ কোপা আমেরিকার মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলবেন। কিন্তু এই বছর শুধু দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর একটি ব্রাজিলের সঙ্গে ১১ অক্টোবর। তাহলে কি এ বছর আর আকাশি-সাদা জার্সি গায়ে আর দেখা যাবে না মেসিকে? ইএসপিএন।