মেসির কাঁধেই সব দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি-সুয়ারেজকে ফেলে নেইমার পিএসজিতে চলে গেছেন মৌসুম শুরুর আগেই। সেই অভাব পূরণ করতেই হিমশিম খাচ্ছে বার্সেলোনা। এর মধ্যে এল আরও একটা দুঃসংবাদ। এল ক্লাসিকোর ফিরতি লেগে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন লুইস সুয়ারেজ। যে চোট উরুগুইয়ান স্ট্রাইকারকে মাঠে নামতে দেবে না অন্তত এক মাস। তার মানে মৌসুম শুরুর কয়েকটি ম্যাচে বার্সার আক্রমণভাগের সব দায়িত্ব এসে পড়েছে লিওনেল মেসির কাঁধে।

পরশু বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে, কমপক্ষে এক মাস খেলতে পারবেন না সুয়ারেজ। তার মানে ক্লাবের হয়ে কমপক্ষে তিনটি, সর্বোচ্চ চারটি ম্যাচে খেলা হচ্ছে না তাঁর। আগামীকাল রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লা লিগা শুরু করছে বার্সা। সুয়ারেজ এরপর খেলতে পারবেন না ২৬ আগস্ট আলাভেস আর ৯ সেপ্টেম্বর এসপানিওলের বিপক্ষেও। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে বার্সার একটি ম্যাচ পড়ার কথা। যেটির সূচি এখনো ঠিক হয়নি। তবে সেটি ১২ বা ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা।

এখানেই শেষ নয়, বার্সার জন্য দুঃসংবাদ আছে আরও। কুঁচকির চোটের কারণে লিগের প্রথম ম্যাচে না-ও খেলতে পারেন ডিফেন্ডার জেরার্ড পিকে। তথ্যসূত্র: ইএসপিএন।