মেসির কাছে গোল খেয়েও ‘উপহার’
দিয়োগো আলভেস। ব্রাজিলিয়ান গোলরক্ষক এক দশকের বেশি সময় খেলে গেছেন স্পেনের লা লিগায়। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত আলমেরিয়ায় কাটানোর পর ২০১৭ পর্যন্ত খেলছেন ভ্যালেন্সিয়ায়। এখন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোতে খেলা আলভেসকে বৃহস্পতিবার ২১ বোতল বিয়ার উপহার পাঠানোর ঘোষণা দিয়েছে বিশ্ববিখ্যাত বিয়ার উৎপাদন প্রতিষ্ঠান বাডওয়াইজার।
উপহার পেয়ে খুশির বদলে মন খারাপও হতে পারে আলভেসের। বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকার লিওনেল মেসির কাছে গোল খাওয়ার জন্যই যে বোতলগুলো পাচ্ছেন ব্রাজিলের জার্সিতে ১০টি ম্যাচ খেলা গোলরক্ষক।
এ সপ্তাহেই ফুটবল সম্রাট পেলের এক ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভেঙেছেন মেসি। বার্সেলোনার হয়ে ৬৪৪ গোল করে মেসি পেছনে ফেলেছেন সান্তোসের পেলের ৬৪৩ গোলের রেকর্ড। এই উপলক্ষেই মেসির অন্যতম স্পনসর প্রতিষ্ঠান বাডওয়াইজার মেসি যাদের বিপক্ষে বার্সেলোনার হয়ে গোল করেছেন, সেই সব গোলরক্ষককে বিয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে গোলরক্ষক যত গোল খেয়েছেন, তত বোতল করে উপহার। মেসির কাছে গোল খেয়েছেন ১৬০ জন গোলরক্ষক। তাঁদের মধ্যে মেসির কাছে সবচেয়ে বেশি গোল খাওয়া আলভেস পেয়েছেন ২১ বোতল বিয়ার।
মেসির রেকর্ড উপলক্ষে বাডওয়াইজার বিশেষ ধরনের বোতল উপহার দিচ্ছে গোলরক্ষকদের। প্রতিটি বোতলে গোলের ক্রম দেওয়া আছে, আছে মেসির ছবিও। জুভেন্টাসের ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফন বৃহস্পতিবারই পেয়ে গেছেন নিজের উপহার। বুফনের বিপক্ষে বার্সার হয়ে ২টি গোল মেসির। দুটি গোলই ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এক ম্যাচে করেছেন মেসি। গোল দুটি ছিল বার্সেলোনার জার্সিতে মেসির ৫১৪ ও ৫১৫তম। বুফন পেয়েছেন ৫১৪ ও ৫১৫ লেখা দুটি বোতল।
উপহার পাওয়ার পর বুফন ছবিসহ টুইট করেছেন। সেখানে চিরসবুজ গোলরক্ষক লিখেছেন, উপহারটাকে প্রশংসা হিসেবেই নিয়েছেন তিনি, ‘বিয়ারের জন্য বাডওয়াইজারকে ধন্যবাদ। আমি এটাকে প্রশংসা হিসেবেই নিয়েছি। কত বছর ধরে আমাদের (মেসি-বুফন) জমজমাট লড়াই চলছে! ৫৪৪ গোল করে রেকর্ড ভাঙার জন্য মেসিকে অভিনন্দন! এটা সত্যিই অবিশ্বাস্য অর্জন।’
মেসির কাছে দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি গোল খেয়েছেন দুজন। একজন রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি ইকার ক্যাসিয়াস ও অন্যজন এসপানিওল ও অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক গোলরক্ষক গোরকা ইরাইজোজ। তৃতীয় সর্বোচ্চ ১৭টি বোতল পাবেন ওসাসুনা ও ভিয়ারিয়ালের সাবেক গোলরক্ষক আন্দ্রেস ফার্নান্দেজ।