মেসির কাছেই হার বায়ার্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই গোলেই ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন মেসি ছবি: এএফপি
এই গোলেই ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন মেসি ছবি: এএফপি

স্কোরলাইন দেখলে চমকে উঠতেই হয়। তাহলে পেপ গার্দিওলার কোনো কৌশল কাজেই এলো না! কাজে এলো না বায়ার্ন মিউনিখের খ্যাতি, দলগত শক্তি কোনোটাই। বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন দুঃস্বপ্নের পরিণত হওয়ার উপক্রম হয়েছে জার্মান জায়ান্টদের। 
কাল অদম্যই ছিলেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদো আগের রাতেই বসেছিলেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে। কিন্তু পর্তুগিজ ফরোয়ার্ডকে সেই আসন থেকে সরিয়ে দিতে এতটুকু সময় নেননি আর্জেন্টাইন তারকা। বায়ার্নের বিপক্ষে কাল জোড়া গোল এসেছে তাঁর পা থেকে। এই দুই গোলে ইউরোপ-সেরা হওয়ার প্রতিযোগিতায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন মেসিই। যদিও রোনালদো মেসির চেয়ে পিছিয়ে রইলেন মাত্র এক গোলে। মেসির ৭৭ গোলের বিপরীতে রোনালদোর গোলসংখ্যা ৭৬।
মেসির শেষ ১৫ মিনিটের খেলই ম্যাচ থেকে ছিটকে দেয় বায়ার্নকে। বার্সেলোনার অপর গোলটি নেইমার করলেও তাতে মেসির অবদান অস্বীকার করার কোনো উপায় নেই।
বায়ার্ন কোচ পেপ গার্দিওলা আগেই বলেছিলেন মেসিকে রোখার ক্ষেত্রে তাঁর দলের দুর্বলতার কথা। মাঠে মেসি স্বীয় নৈপুণ্যে যেন সাবেক গুরুর কথাই সত্যি প্রমাণ করলেন। ম্যাচের ৭৭ মিনিটে তাঁর পা থেকে আসে প্রথম গোল। দানি আলভেজের পাস পায়ে জমিয়ে তিনি বায়ার্ন গোলরক্ষককে পরাভূত করেন বাঁ পায়ের মাপা শটে।
৮০ মিনিটে তাঁর দ্বিতীয় গোলটা অনন্য, অসাধারণ। বলটি পেয়েছিলেন তিনি পোস্ট থেকে প্রায় ৩০ গজ দূরে। সেখানে আলতো টোকায় প্রথমে জেরম বোয়েটাংকে পেছনে ফেলেন। এরপর ডান পায়ের শটে তিনি গোলরক্ষক ম্যানুয়াল নয়্যারকে পরাভূত করেন দারুণভাবেই। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১১টি ম্যাচ খেলে নিজের দশম গোলটি কাল পেয়ে গেলেন মেসি। ম্যাচের একেবারে শেষ লগ্নে এসে অ্যাওয়ে গোলের জন্য মরিয়া হয়ে বায়ার্ন হজম করে তৃতীয় গোলটি। একটি প্রতি-আক্রমণ থেকে নেইমারের দিকে দারুণ এক থ্রু ঠেলেন মেসি। সেই বল ধরে বায়ার্নের জালে বল পাঠাতে খুব বেশি বেগ পেতে হয়নি নেইমারের। সূত্র: এএফপি।