মেসির কারণে বাড়ছে স্প্যানিশ শেখার হার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

মাঠে লিওনেল মেসি কী করেন, সেটা সবারই জানা। তাঁর জাদুতে বুঁদ হয়ে থাকে পুরো ফুটবল বিশ্ব। কিন্তু মেসির প্রভাব শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। একের পর এক গোল করে শুধু নতুন নতুন রেকর্ড সৃষ্টিই না, বিশ্বজোড়া একটা সাংস্কৃতিক বদলও আনছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। ইংল্যান্ডের স্কুলগুলোর পরিসংখ্যান ঘেঁটে সম্প্রতি এমন তাক লাগানো তথ্যই হাজির করেছে টেলিগ্রাফ পত্রিকা। আর্জেন্টাইন এই তারকার প্রভাবে নাকি ইংল্যান্ডে স্প্যানিশ শেখার হার বেড়ে গেছে উল্লেখযোগ্য হারে।

ইংল্যান্ডের স্কুলগুলোতে ইংরেজির পাশাপাশি শিখতে হয় দ্বিতীয় একটি বিদেশি ভাষা। এত দিন সেখানে ছিল ফরাসি আধিপত্য। অধিকাংশ শিক্ষার্থীই বেছে নিতেন ফরাসি ভাষা। কিন্তু সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বাড়ছে স্প্যানিশ শেখার হার। গত এক দশকে এটা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। এ বছর স্প্যানিশ ভাষার পরীক্ষায় বসেছেন ৯৩ হাজারেরও বেশি শিক্ষার্থী। গতবারের তুলনায় যেটা দুই হাজারেরও বেশি।

এর পেছনে লাতিন আমেরিকান সংস্কৃতির প্রভাব ও স্প্যানিশ ফুটবলের জনপ্রিয়তা খুব বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ডের সহ-সভাপতি লেসলি ডেভিস। তিনি বলেছেন, ‘গান থেকে শুরু করে খাবার-দাবার ও স্প্যানিশ ভাষায় কথা বলা বিখ্যাত ব্যক্তি, যেমন লিওনেল মেসিদের কারণে স্প্যানিশ সংস্কৃতিটা তরুণদের কাছে অনেক উন্মুক্ত হয়ে গেছে। এটা দেখে অবাক হওয়ার কিছু নেই যে, ক্লাসরুমে এখন অনেকেই স্প্যানিশ ভাষাকে বেছে নিচ্ছে।’

জার্মান ভাষাকে চার বছর আগেই পেছনে ফেলে দিয়েছিল স্প্যানিশ। আর এখন যেভাবে চলছে তাতে খুব দ্রুতই ফরাসি ভাষার চেয়েও এটি বেশি জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন পরীক্ষা বোর্ডের প্রধান নির্বাহী অ্যান্ড্রু হল, ‘ইংল্যান্ডে স্প্যানিশই সবচেয়ে জনপ্রিয় বিদেশি ভাষা হয়ে যাবে। এটা শুধুই সময়ের ব্যাপার।’

এ বছর জিসিএসই পরীক্ষায় ফরাসি ভাষাকে বেছে নিয়েছিলেন এক লাখ ৬৮ হাজার শিক্ষার্থী। গত বছর সংখ্যাটি ছিল এক লাখ ৭৭ হাজার।— টেলিগ্রাফ