মেসির কারণেই বার্সায় নেইমার!
গত সপ্তাহেই বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন নেইমার। নতুন চুক্তিটি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত। কাতালান ক্লাবটিতে নেইমারের এই থেকে যাওয়া শুধু মেসির কারণেই! বলেছেন নেইমারের বাবা নেইমার ডা সিলভা সান্তোস।
পাঁচবার ব্যালন ডি’অরজয়ী মেসিই তাঁর ছেলের আদর্শ—এটা জানিয়ে নেইমার সিনিয়র বলেছেন, ‘মেসি কে এবং দলের জন্য কতখানি, তা জানি আমরা। সে আমার ছেলের আদর্শ এবং তার সঙ্গে খেলতে পারাটা নেইমারের আনন্দের ব্যাপার।’ এরপরই বলেছেন আসল কথাটা, ‘সে এখানে খেলছে মেসির জন্যই।’
২০১৩ সালে নেইমারের যোগ দেওয়ার পর দুটি লিগ শিরোপা এবং একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে বার্সেলোনা। দলের আক্রমণভাগ হয়েছে আরও শাণিত। নিজের ছেলেকে নিয়ে বলতে গিয়ে রোনালদোর নামটিও মুখে এনেছেন নেইমার সিনিয়র, ‘মেসি ও রোনালদো কখনো না থাকলে সম্ভবত নেইমারও কখনো থাকত না। ব্যাপারটা পেলে ও ম্যারাডোনার মতোই; যাঁরা অনেক খেলোয়াড়েরই অনুপ্রেরণা।’
ব্যালন ডি’অর নিয়েও কথা বলেছেন নেইমারের বাবা। নিজের ছেলে এবং রোনালদোর চেয়ে এখানে তিনি এগিয়ে রাখছেন মেসিকেই, ‘ব্যালন ডি’অরটা মেসিরই প্রাপ্য।’ ইএসপিএন।