মেসির কিডনি অপারেশন শুধুই গুজব

কিডনিতে পাথর ধরা পড়ায় গত ডিসেম্বরে একবার অপারেশন করিয়েছিলেন। এরপর থেকে দৃশ্যত কোনো সমস্যা ছাড়াই খেলে যাচ্ছিলেন লিওনেল মেসি। কিন্তু গতকাল থেকে স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রতিবেদন আসছে, কিডনির সমস্যাটা পুরোপুরি শেষ হয়নি, আরও একবার ডাক্তারের ছুরির নিচে যেতে হবে বার্সা ফরোয়ার্ডকে। করাতে হবে অস্ত্রোপচার।
কিন্তু ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম জানাচ্ছে, প্রতিবেদনগুলো নিছকই গুজব। মেসির কাছের মানুষজনই নাকি জানিয়েছে, অপারেশন করাতে হবে না তাঁকে। বার্সেলোনার বিবৃতিতে বলা হয়েছে, আগের অস্ত্রোপচারটির অবস্থা পরীক্ষা করতে এই সপ্তাহে কিছু স্বাস্থ্যগত পরীক্ষা করাতে হচ্ছে মেসিকে। আগামীকালই আবার অনুশীলনে ফিরবেন আর্জেন্টাইন তারকা। সেই বিবৃতিতে অস্ত্রোপচার করানোর কথা লেখা নেই। তা ছাড়া মেসির স্বাস্থ্যের অবস্থা অস্ত্রোপচার করানোর মতো হলে তাঁকে অনুশীলনে রাখার কথা বার্সা বলত না।
আসলে গতকাল বার্সার অনুশীলনে মেসি অনুপস্থিত থাকায় এই গুঞ্জনগুলো শুরু হয়েছে। রোববার লিগে লেভান্তের সঙ্গে ২-০ গোলের জয়ের পরদিন দলের অন্য সবাই অনুশীলনে এসেছিলেন। ছিলেন না শুধু মেসি আর অনেক দিন ধরে চোটের শিকার মিডফিল্ডার রাফিনহা। শুধু জিমে ঘাম ঝরিয়েছেন ‘বার্সা নাম্বার টেন’। এতেই গুঞ্জন ছড়িয়ে গেছে, মেসির কিডনির পাথরের সমস্যাটা এখনো পুরোপুরি মেটেনি। আবারও গুরুতর অপারেশন করাতে হবে।
গত ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের দিন কিডনির পাথর অপারেশন করাতে হয়েছিল মেসিকে। ম্যাচটি খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। পরে অবশ্য ফাইনালেই ফিরে এসেছিলেন। এরপর থেকে বার্সার হয়ে এই বছরে ১১ ম্যাচের ১০টিতেই ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে গোল জানাচ্ছে, অপারেশনের বিষয়টি পুরোপুরিই গুজব। মেসির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ‘সার্জারি বিষয়ক যেসব খবরাখবর এসেছে, সেগুলো পুরোপুরিই মিথ্যা। ওর কিডনিতে কিছুটা ব্যথা আছে। এ জন্য কিছু টেস্ট আর হালকা শুশ্রূষা নিতে হবে।’ বার্সেলোনাও তাদের বিবৃতিতে শুধু টেস্টের বিষয়টিই লিখেছে, ‘সোম ও মঙ্গলবার লিও মেসি কিছু টেস্টের মধ্য দিয়ে যাবে। ডিসেম্বরে ওর কিডনিতে যে সমস্যা ছিল সেটির অবস্থা জানার জন্য। আগামী বুধবারই মূল একাদশের সঙ্গে অনুশীলনে ফিরবে ও।’
অবশ্য অনুশীলনে ফিরলেও বুধবার ভ্যালেন্সিয়ার সঙ্গে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মেসি খেলবেন কি না এটি নিশ্চিত নয়। প্রথম লেগে ৭-০ গোলে জেতায় ফাইনালে এক পা দিয়েই রেখেছে বার্সেলোনা। দ্বিতীয় লেগে তাই মেসিদের না খেলিয়ে একাডেমির খেলোয়াড়দেরই বেশি সুযোগ দিতে পারেন বার্সা কোচ লুইস এনরিকে। তার ওপর এই মাসেই দলের ম্যাচ মোট ৮টি, ছয়টি এখনো বাকি। ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে দলের মূল খেলোয়াড়দের বাড়তি বিশ্রাম তো এনরিকে দিতেই চাইবেন।