মেসির ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইকার্ডই প্রথম আস্থা রেখেছিলেন মেসির ওপর।
রাইকার্ডই প্রথম আস্থা রেখেছিলেন মেসির ওপর।

নিজের ক্যারিয়ারের সেরা সময়টা এসেছিল পেপ গার্দিওলার সময়। বার্সেলোনার হয়ে প্রথম ত্রিমুকুট, এক মৌসুমে পাঁচটি শিরোপা জয়, ব্যালন ডি’অর—মেসি নিজেকে বাকিদের চেয়ে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিলেন গার্দিওলার সময়। লুইস এনরিকের অধীনেও ত্রিমুকুট জিতেছেন, এবারও পুনরাবৃত্তি হতে পারে সেই কীর্তির। কিন্তু এই দুজনের কেউ নন, মেসি বার্সা ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোচ হিসেবে মানছেন ফ্রাঙ্ক রাইকার্ডকেই।

২০০৪ সালে ১৬ বছর বয়সী এক কিশোরকে মূল দলে সুযোগ দিয়েছিলেন রাইকার্ড। এর পর ধীরে ধীরে সেই বিস্ময়বালক নিজেকে চিনিয়েছেন বিশ্বমঞ্চে, বিশ্ব জেনেছে মেসির নাম। রাইকার্ড ওই সময় সুযোগ না দিলে হয়তো ক্যারিয়ারের গতিপথটা অন্যরকমও হতে পারত বার্সা ফরোয়ার্ডের।
মেসি সে জন্যই রাইকার্ডকে আলাদা করে মনে রেখেছেন, ‘সত্যি বলতে বার্সায় যে কজন কোচ পেয়েছি, সবার কাছ থেকেই অনেক কিছু শিখেছি। তবে এঁদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন রাইকার্ড। তিনি যদি আমার ওপর আস্থা না রাখতেন, প্রথম দলের সঙ্গে অনুশীলনের সুযোগ না দিতেন, তাহলে প্রথম একাদশে সুযোগই পেতাম না।’
বার্সার হয়ে মেসি রাইকার্ডকে আরও চার বছর পেয়েছিলেন মেসি। চ্যাম্পিয়নস লিগ, লা লিগাসহ আরও অনেক সাফল্য এই সময়েই এসেছে। মেসি সেটাও মনে করিয়ে দিলেন, ‘আমি সব সময় বলেছি উনি আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকদের একজন। ওই সময় আমার ওপর ভরসা না রাখলে আজ আমি এখানে আসতে পারতাম না।’
এতে মেসির কৃতিত্বটাই বেশি। তাঁর অমন প্রতিভা না থাকলে কি ১৬ বছর বয়সে দলে সুযোগ পান? তবে মেসি রাইকার্ডকেই দিচ্ছেন পুরো কৃতিত্ব।