মেসির ক্রসবার দুর্ভাগ্য

ইশ্! অস্ফুটে একটা আফসোস ধ্বনি বেরিয়ে যেতেই পারে লিওনেল মেসির মুখ থেকে। এই মৌসুমে স্প্যানিশ লিগে মেসির নামের পাশে ১৩ গোল। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো এরই মধ্যে করে ফেলেছেন ২৫ গোল। রোনালদো ঢের এগিয়ে গেছেন বলেই এই আফসোস নয়, মেসির আক্ষেপ থাকতে পারে অন্যখানে। নামের পাশে থাকতে পারত ২১ গোল! এক-দুটি নয়, আট-আটটি প্রায় নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়েছেন। এই মৌসুমে কেবল লিগেই আটবার ক্রসবারে বল লাগিয়েছেন তিনি। ১৫ ম্যাচেই আটবার ক্রসবারে বল লাগানো! এটা দুর্ভাগ্য নয়তো কী!
স্বাভাবিকভাবে মেসির মতো বার্সাও এই মৌসুমে বারবার ক্রসবারের ধাক্কায় গোল-বঞ্চিত হয়েছে। ১৫ ম্যাচে যে সংখ্যাটি ১৩। ১ নভেম্বর নিজেদের মাঠে সেল্টা ভিগোর কাছে ১-০ গোলে হেরেছিল বার্সা। অথচ ওই ম্যাচের ফল হতে পারত একেবারেই অন্য রকম। কিন্তু সেল্টার সেরা ‘ডিফেন্ডার’ হয়ে দাঁড়িয়েছিল গোলপোস্ট। চার চারবার ক্রসবারে ফিরে এসেছিল বল।
শুধু সেল্টা নয়; এলচে, ভিয়ারিয়াল ও আলমেরিয়া, এসপানিয়ল ম্যাচেও বার্সাকে গোল-বঞ্চিত করেছে ক্রসবার। আলমেরিয়ার বিপক্ষে বার্সেলোনা ২-১ গোলে জিতলেও এই ম্যাচে ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে তিনটি প্রচেষ্টা। এলচে ও ভিয়ারিয়ালের বিপক্ষেও দুটি করে প্রচেষ্টার মুখে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। গত সপ্তাহে এসপানিয়ল ম্যাচের মতো গতকালও মেসির দারুণ এক ফ্রি কিক ক্রসবার থেকে ফিরে এল।
ইউরোপের শীর্ষ লিগে বার্সার মতো ক্রসবার দুর্ভাগ্যের শিকার এবার আর কোনো দল হয়নি। ১২ বার গোলপোস্টে লাগিয়েছে জার্মানির বেয়ার লেভারকুসেন। বার্সেলোনার ক্রসবার-দুর্ভাগ্যের সবচেয়ে বড় শিকার মেসিই। এর পাশাপাশি ক্রসবারে বল লাগিয়েছেন নেইমার, লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও মুনির এল হাদ্দাদি। তবে সংখ্যায় তাঁরা মেসির ধারে-কাছেও নেই। মেসির আটটি প্রচেষ্টা যেখানে ক্রসবারের আঘাতে জর্জরিত; সেখানে নেইমার দুবার, সুয়ারেজ, ইনিয়েস্তা ও মুনিরের ক্রসবার দুর্ভাগ্য একবার করে। স্প্যানিশ লিগে ক্রসবার–দুর্ভাগ্যে মেসির সবচেয়ে কাছে আছেন রিয়ালের করিম বেনজেমা, তিনি লাগিয়েছেন চারবার।
মেসি নিজের গোলের জন্য যতটা আফসোস করবেন, তার চেয়েও বেশি দুঃখ হবে দলের জন্য। কাল গোলটা হয়ে গেলে বার্সাও যে জিতে যেত! সূত্র: মার্কা।