মেসির খেলা না-খেলা আর্জেন্টিনার হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি আর্জেন্টিনার হয়ে কোন ম্যাচ খেলবেন আর কোন ম্যাচ খেলবেন না, সেটি ঠিক করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), অন্য কেউ নয়। সাফ জানিয়ে দিলেন এএফএ সভাপতি লুইস সেগুরা।

জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলেননি মেসি। গুঞ্জন ওঠে, বিশ্বকাপ জিততে না পারায় নাকি জাতীয় দলে খেলার আগ্রহ হারিয়ে ফেলেছেন বার্সেলোনার তারকা প্লে-মেকার। শুরু হয় সমালোচনা। আর্জেন্টাইন ভক্তদের সমালোচনায় কষ্ট পাওয়ার কথাও বলেছেন মেসি। তাঁকে ছাড়াই অবশ্য ‘প্রতিশোধ’ নিতে কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনার। কিন্তু কী কারণে জার্মানির বিপক্ষে খেলেননি মেসি? সেগুরা জানিয়েছেন, চোটের কারণে, ‘ঊরুর সমস্যার কারণে মেসি জার্মানির সঙ্গে খেলেনি। বার্সেলোনার চিকিৎসক দলই মেসির ঊরুতে সমস্যার কথা জানিয়েছিল আমাদের।’ আর্জেন্টিনা দলে মেসিকে না রাখার ব্যাপারে বার্সা কোনো হস্তক্ষেপ করেনি বলেও জানালেন এএফএ-প্রধান, ‘না মেসি, না তাঁর পরিবার কিংবা বার্সেলোনা—কোনো পক্ষ থেকেই তাঁকে স্কোয়াডে না রাখার কোনো নির্দেশ আসেনি।’

এলেও ফেডারেশন সেটা শুনত কি না সন্দেহ। মেসি যে দেশের হয়ে কতটা গুরুত্বপূর্ণ, সেটা তো সেগুরা স্পষ্টই করে দিয়েছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে আমাদের সঙ্গে পাওয়াটা দারুণ ব্যাপার। তবে ওকে ছাড়াই আর্জেন্টিনা দলটা বিশ্বের দ্বিতীয় সেরা। আর মেসিকে পেলে তো কোনো কথাই নেই।’

আগামী ১১ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আর্জেন্টিনার। সে ম্যাচে হয়তো দেখা যাবে মেসিকে। গোলডটকম।