মেসির খেলা নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মেসি খেলুন বা না-ই খেলুন, পরশু দলের অনুশীলনে অবশ্য ছিলেন l এএফপি
আজ মেসি খেলুন বা না-ই খেলুন, পরশু দলের অনুশীলনে অবশ্য ছিলেন l এএফপি

আর্জেন্টিনার প্রথম ম্যাচ, আর সেই ম্যাচেই লিওনেল মেসিকে নিয়ে অনিশ্চয়তা! এ লেখা অনেক পাঠকের কাছে যাওয়ার আগেই হয়তো কোপায় চিলির বিপক্ষে আজকের ম্যাচটা শুরু হয়ে গেছে। মেসি ম্যাচে খেলেছেন না খেলেননি সেটিও জানা হয়ে গেছে। তবে গতকাল পর্যন্ত আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে ঘোর অনিশ্চয়তা ছিলই।
পরশু অনুশীলন করেছেন অনেকটা নিভৃতে। বোঝাই যাচ্ছিল, মেসি পিঠের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো অবশ্য মেসির জন্য অপেক্ষায় থাকতে চেয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত। মেসির বিকল্প হিসেবে বেনফিকার অ্যাটাকিং মিডফিল্ডার নিকো গাইতানকে ভেবে রেখেছেন কোচ মার্টিনো। আর্জেন্টিনার কোচ তারপরও বলেছেন, ‘আমরা দলের চিকিৎসকের সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। তাঁর মতটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আমি লিওর সঙ্গে কথা বলব, আমি কী ভাবছি সেটা বলব।’
মেসির বিকল্প হিসেবে যাঁকে ভেবেছেন সেই গাইতানকে নিয়ে মার্টিনো বেশ উচ্ছ্বসিত, ‘ও লিওর মতো খেলবে, সেটা তো আমি আশা করতে পারি না। তবে আমি চাই ও নিজের সেরার চেয়েও একটু বেশি দিক। এ মুহূর্তে সে খুব ভালো অবস্থায় আছে, সে খুবই দ্রুত, পাসিং ভালো, ড্রিবলও ভালো করে। পূর্ণাঙ্গ একজন খেলোয়াড়ই বলা যায় ওকে।’
সর্বশেষ কোপার ফাইনালে এই চিলির কাছেই টাইব্রেকারে হারা আর্জেন্টিনা এ বছর মার্চেই চিলিকে হারিয়েছে। কিন্তু এ ম্যাচটা কোপায় বলে ঘুরেফিরে প্রতিশোধের প্রশ্নটা উঠছে। তবে মার্টিনোর কাছে এর মধ্যে প্রতিশোধের কিছু নেই, ‘গত মার্চেও আমাকে এই প্রশ্ন করা হয়েছিল। এখানে আসলে প্রতিশোধের কোনো ব্যাপার নেই। এটা শুধু আমাদের জন্য নতুন একটা সুযোগ।’ এএফপি।