মেসির খেলায় ছন্দপতন হবে না তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি নিজেকে উজাড় করে দিয়ে খেলবেন বলেই মনে করেন বাউজা। ফাইল ছবি
মেসি নিজেকে উজাড় করে দিয়ে খেলবেন বলেই মনে করেন বাউজা। ফাইল ছবি

মনই উঠে গিয়েছিল তাঁর। না হলে কেন বিদায় বলে দেবেন? সেই লি​ওনেল মেসি আবারও মন বদলে জাতীয় দলে ফিরছেন যখন, প্রশ্ন একটা তো উঠবেই। মেসি কি আগের মতো নিজেকে উজাড় করে দিয়ে খেলতে পারবেন? খেলায় কোনো ছন্দপতন হবে না তো!

প্রশ্নটা ওঠাই স্বাভাবিক। এত আলোড়ন ফেলে দেওয়া বিদায় ঘোষণার পর অনেক জলই গড়িয়েছে। এর মধ্যে তো ডিয়েগো ম্যারাডোনা প্রশ্ন তুলেছেন, মেসির অবসর নেওয়াটা নাটক ছিল কি না। এরপর মেসি ফিরলে সবকিছু স্বাভাবিক নাও থাকতে পারে। তবে এদগার্দো বাউজা এসব নিয়ে নাকি একটুও চিন্তিত নন। মেসি নিজেকে উজাড় করে দিয়েই খেলবেন বলে নিশ্চিত আর্জেন্টিনা কোচ।
বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চোটের কারণে সংশয়ে থাকলেও এ ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনায় উড়ে গেছেন মেসি। এর আগে আর্জেন্টিনার এফএম উনোকে বাউজা বলেছেন, দেশের হয়ে খেলতে চাওয়ার জন্য মেসির মধ্যে তিনি ব্যাকুলতা দেখেছেন। মেসিকে ফিরে আসার জন্য তাঁর পক্ষ থেকে কোনো চাপ বা অনুরোধ ছিল না। মেসি নিজেই মনে করেছেন, দেশকে এখনো অনেক কিছু দেওয়ার আছে। আর তাই তাঁর আত্মনিবেদন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
বাউজা বলেছেন, ‘আমরা ওই আলোচনায় অনেক কিছু নিয়েই কথা বলেছি। লিওকে দেখে আমার খুবই উজ্জীবিত মনে হয়েছিল। আমরা কোপা আমেরিকা, বিশ্বকাপ নিয়েও কিন্তু কথা বলেছি। ও ঠিকই আছে। আমরা ওর ঠিকমতো যত্ন নেব।’
বাউজা মনে করে, টানা তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে গিয়ে হেরে যাওয়াটা অবশ্যই ব্যর্থতা। কিন্তু ইতিবাচক ব্যাপারটা হলো, এই বড় টুর্নামেন্টগুলোর ফাইনাল পর্যন্ত তো দল গেছে। শুরু থেকেই দলের মধ্যে একটা ইতিবাচক মানসিকতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন এই কোচ। এটাই মনে হয় সবচেয়ে বেশি জরুরি।