মেসির গল্পটা টেন্ডুলকারের মতোই!

একজনের নাম রমাকান্ত আচরেকার। অন্যজনের নাম কার্লোস মার্কনি। প্রথমজনের নাম তো শুনেই চিনেছেন। শচীন টেন্ডুলকারের প্রথম গুরু। প্রথম কোচ। দ্বিতীয়জন সেই তুলনায় ততটা বিখ্যাত নন। অথচ তাঁর বেশি আলোচিত হওয়ার কথা ছিল। তিনি যে লিওনেল মেসির জীবনের প্রথম কোচ!
মার্কনি নিজে প্রচারের আলোয় আসতে ততটা রাজি নন। ‘মেসিকে আমি নিজ হাতে গড়েছি’—এমন দাবি কখনোই করেননি। করেননি আচরেকারও। এইখানেই বোধ হয় দুজনের মাহাত্ম্য, দুজনের মনের বিশালতার পরিচয়। আরেকটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ছোট্ট টেন্ডুলকারকে আচরেকার উজ্জীবিত করতেন কয়েন দিয়ে। আর মার্কনির ‘অস্ত্র’ ছিল বিস্কুট!
আচরেকার বার করেছিলেন দারুণ এক বুদ্ধি। অনুশীলন করতে করতে ছোট্ট টেন্ডুলকার যখন ক্লান্ত হয়ে যেত, তিনি স্টাম্পের ওপর রেখে দিতেন কয়েন। যদি কোনো নেট বোলার টেন্ডুলকারকে আউট করতে পারে, তাহলে কয়েনটি তার। আর নটআউট থাকলে সেই কয়েকটি চলে যেত টেন্ডুলকারের পকেটে। এ তো জানা গল্পই।
আট বছর বয়সে মেসিকে শিষ্য হিসেবে পেয়েছিলেন মার্কনি। নিউয়েলস ওল্ড বয়েজের এই কোচের অধীনে মেসি খেলেছেন পাঁচ বছর, ২০০০ সাল পর্যন্ত। মার্কনি খেয়াল করে দেখেছিলেন চকলেট বিস্কুট খুব পছন্দ মেসির। আর তাই তিনি মেসিকে বলেছিলেন, প্রত্যেকটা গোলের জন্য দেওয়া হবে একটি করে চকলেট বিস্কুট।
মার্কনি সেই স্মৃতি রোমন্থন করে বলেছেন, ‘লিও ছোটবেলায় চকলেট বিস্কুট খুব পছন্দ করত। ওকে একবার বলেছিলাম, “যতটা গোল করবে, তোমাকে ঠিক ততটা চকলেট বিস্কুট দেব।” ও একবার চার গোল করল, চারটা চকলেট বিস্কুট দিলাম। এর পর গোল করল পাঁচটা, বাধ্য হয়ে পাঁচটা চকলেট বিস্কুটই দিতে হলো।”
বাকিদের তুলনায় উচ্চতায় খাটো ছিলেন। আর তাই হেড করতে চাইতেন না। মেসিকে হেডে উৎসাহিত করতে মার্কনি আরেকটা বুদ্ধি এঁটেছিলেন, ‘উচ্চতায় ছোট ছিল বলে ও সাধারণত হেড করতে চাইত না। তাই ওকে বললাম, “গোলের জন্য একটা করে বিস্কুট ঠিকই আছে, কিন্তু গোলটা যদি হেড দিয়ে করো, তাহলে দুটো করে বিস্কুট দেব।” ও কী কাণ্ডটা করল, একে একে সব ডিফেন্ডারকে কাটাল। এমনিকে গোলকিপারকেও। চাইলে এমনিতেই গোলটা দেওয়া যায়। কিন্তু ও গোলে কিক না নিয়ে বলটা হাওয়ায় ভাসাল ইচ্ছে করে। এর পর হেড দিয়ে করল গোল। তার পর আমার দিকে তাকিয়ে শুধু বলল, “দুটো”!’
এখনো মেসির হেডের দুর্বলতা নিয়ে অনেকেই অনেক কথা বলেন। ২০০৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দুর্দান্ত হেড থেকে গোল করা মেসি চাইলে বলতে পারেন, ‘কী করব, কেউ যে বিস্কুটের লোভ দেখায় না!’