মেসির গোলগুলো খুঁজছে বার্সেলোনা

মেসির বিদায়ে ক্লাবের সবাই একত্র হয়েছিলেন। এবার মাঠে তাঁদের একত্র হওয়ার সময় এসেছেছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো অবিশ্বাস্য ঠেকতে পারে, কিন্তু মেসি এখন বার্সেলোনার জন্য ইতিহাস। সোনালি ১৭টি বছর শেষে লিওনেল মেসি বাধ্য হয়েছেন কাতালান ক্লাবের সঙ্গে সম্পর্ক শেষ করতে। মেসি এখন বন্ধু নেইমার ও আনহেল দি মারিয়ার পিএসজিতে। ওদিকে বার্সেলোনাকে ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়কে ছাড়াই নতুন মৌসুমের জন্য প্রস্তুত হতে হচ্ছে।

মেসির মতো একজনকে হারানো কোনো কোচের জন্যই সুখকর কিছু নয়। তাঁর মতো এক খেলোয়াড়কে ছাড়া নতুন করে দল সাজাতে হবে, শিরোপা জেতার চেষ্টা করতে হবে, মেসিকে হারিয়ে শোকাহত সমর্থকদের খেলা দিয়ে তুষ্ট করতে হবে—রোনাল্ড কোমানের দায়িত্ব বেড়ে গেছে অনেক। কোমান সে দায়িত্ব পালন করতে প্রস্তুত। মেসিকে ছাড়া বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিতে আগ্রহী এই ডাচ কোচ।

মেসির অভাব গ্রিজমানকেই পূরণ করতে হবে
ছবি: টুইটার

লা লিগার বেঁধে দেওয়া বেতনসীমার কারণে মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। একই কারণে এখন পর্যন্ত নতুন যুক্ত হওয়া চার খেলোয়াড় সের্হিও আগুয়েরো, মেম্ফিস ডিপাই, এরিক গার্সিয়া ও এমারসনকে ক্লাবের খেলোয়াড় কাগজে-কলমে পরিচয় করিয়ে দিতে পারছে না বার্সা। তবে ক্লাবটির সমর্থকদের চোখে এ চারজনের অন্তর্ভুক্তির চেয়ে মেসির বিদায়ই বেশি গুরুত্বপূর্ণ। প্রতি মৌসুমে কমপক্ষে ৩০টি গোল করা ও ৩০টি গোল সৃষ্টি করে দেওয়া এক খেলোয়াড়ের অনুপস্থিতি বলে কথা!

মেসির চলে যাওয়া বার্সেলোনা ও ক্লাবটির সমর্থকদের জন্য বড় ধাক্কা। কোমানের ধারণা, এই ধাক্কা কাটিয়ে ওঠার একমাত্র উপায় মেসিকে ভুলে সামনে কীভাবে এগোনো যায়, সে পরিকল্পনায় নামা, ‘আমার ধারণা কাজটা কঠিন, কারণ আমরা সাধারণ কোনো খেলোয়াড় নিয়ে কথা বলছি না। আমরা লিও মেসিকে নিয়ে কথা বলছি, মৌসুমের পর মৌসুম ধরে বিশ্বের সেরা খেলোয়াড় সে। এবং আমরা খুবই হতাশ যে এই মৌসুমে সে আমাদের সঙ্গে খেলবে না। আমাদের খুব দ্রুত বদলাতে হবে, কারণ নতুন মৌসুম শুরু হচ্ছে, এর মধ্যে হতাশায় ডুবে থাকা যাবে না। আপনাকে বুঝতে হবে গত কয়েক দিন বেশ কঠিন পরিস্থিতিতে কাটিয়েছি আমরা। মেসি এই ক্লাবের জন্য বিশেষ কিছু।’

ডিপাই কি পারবেন আস্থার প্রতিদান দিতে?
ছবি: টুইটার

মেসির কথা ভুলতে চাইলেও ভোলা কঠিন হবে। মাঠের বাইরের প্রভাবের কথা যদি ভুলে থাকা যায়ও, মাঠে মেসির শূন্য স্থান পূরণ কথার প্রসঙ্গটা তো রয়ে যাচ্ছেই। আর্জেন্টাইন অধিনায়কের গোল অন্য কারও কাছ থেকে আদায় করে নিতে হবে কোমানকে, ‘কোনো সন্দেহ নেই, গোল পাওয়া কঠিন হয়ে যাবে। গত মৌসুমে মেসি ৩০ গোল করেছিল। অন্য খেলোয়াড়দের তাই বাড়তি কিছু দিতে হবে এবং নিজেদের এক ধাপ তুলতে হবে। এখন ব্যক্তিগত খেলোয়াড়ের চেয়ে দল হিসেবে খেলাটাই এখন জরুরি। শুধু একজন খেলোয়াড় না, সবাই মিলে করতে হবে। চোট থেকে আনসু ফাতি ও ফিলিপ কুতিনিও ফিরবে বলে আশা করছি এবং আমাদের শক্ত একটা দল আছে। আমরা আরও কঠোর পরিশ্রম করব, আমাদের কাছে মানুষের যে প্রত্যাশা, তার চেয়ে বেশি কিছু করব।’

ফাতি কি পারবেন মেসির পথে এগোতে?
ছবি: টুইটার

আগামী রোববার ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নতুন মৌসুম শুরু করছে বার্সেলোনা। নতুন করে গুছিয়ে নেওয়ার কাজটা যে কঠিন মেনে নিয়েছেন কোমান, ‘আমরা এখনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের বুঝতে হবে নতুন মৌসুমের শুরুটা কঠিন। এখনো কোভিড আছে, আমাদের অনেক খেলোয়াড় চোটে আছে। ভালো কিছু খেলোয়াড়কে পাচ্ছি না, ফলে সবাইকে একসঙ্গে খেলাতে পারছি না। আমরা খুব ভালো প্রাক্‌-মৌসুম কাটিয়েছি, আমাদের তরুণ খেলোয়াড় এসেছে কিছু। কিন্তু একবার চোট থেকে সবাই ফিরলেই আমরা বেশ শক্তিশালী স্কোয়াড পাবে।’