মেসির চাওয়া নতুন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিভিয়ার জালে আর্জেন্টিনার আরেকটি গোল। মাঠে আরও একবার আকাশি রঙের উৎসব l এএফপি
বলিভিয়ার জালে আর্জেন্টিনার আরেকটি গোল। মাঠে আরও একবার আকাশি রঙের উৎসব l এএফপি

আধঘণ্টার মতো খেলা হয়েছে। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা তখন এগিয়ে ৩-০ গোলে। এরিক লামেলা, এজেকুয়েল লাভেজ্জির পর স্কোরশিটে নাম তুলেছেন ভিক্টর কুয়েস্তা। কিন্তু সিয়াটলের দর্শকেরা তবু উসখুস করছেন। ব্যাপার কী?
গ্যালারি থেকে ‘মেসি মেসি’ চিৎকার শুনে বোঝা গেল কারণটা। ম্যাচের ফল নিয়ে তাঁদের ভাবনা নেই। তাঁরা তো এসেছেন লিওনেল মেসির খেলা দেখতে। সেই মেসিকেই তো নামাচ্ছেন না আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো।
যেন ৪৫ হাজার দর্শকের দাবি মেনেই দ্বিতীয়ার্ধের শুরুতে হিগুয়েইনকে তুলে মেসিকে নামালেন মার্টিনো। পানামা ম্যাচে তাঁর ১৯ মিনিটের জাদুর ঝলক তখনো অনেকের চোখে-মুখে। কিন্তু বিস্ময়কর হলো, ম্যাচের ৩২ মিনিটেই যে আর্জেন্টিনা ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল, শেষ এক ঘণ্টায় তারা আর গোলই করতে পারেনি। সব তাহলে কোয়ার্টার ফাইনালের জন্যই জমিয়ে রাখা!
ম্যাচ শেষে মার্টিনোও মেনে নিলেন, দর্শকদের কথা মাথায় রেখেই মেসিকে নামিয়েছেন তিনি, ‘মানুষ ওর খেলা দেখার জন্য টাকা খরচ করে মাঠে আসে। এ ব্যাপারটা মেসিও জানে। তারও একটা দায়িত্ব আছে দর্শকদের প্রতি। কিন্তু কখনো সে খেলবে, কখনো বেঞ্চে থাকবে, এটাও মেনে নিতে হবে সবাইকে।’ তবে এই নিশ্চয়তা তিনি দিলেন, ‘ভেনেজুয়েলার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লিও অবশ্যই খেলবে।’
মেসি অবশ্য খেলতে পেরে ফুরফুরেই ছিলেন। কোয়ার্টার ফাইনালের আগে নিজেকে একটু তৈরি করে নেওয়ারও সুযোগ মিলল। গ্রুপ পর্বে টানা তিন জয় আর ১০ গোল করে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে মেসি চান এসব ভুলে নকআউট পর্বে নতুন করে শুরু করতে, ‘আমরা গ্রুপ পর্বটা যেভাবে শেষ করতে চেয়েছিলাম, সেভাবেই করেছি। তবে এটা এখানেই শেষ। এখন নতুন কোপা শুরু। কঠিন ম্যাচগুলো সামনে রয়ে গেছে।’
সেই কঠিন ম্যাচের আগে জেরার্ডো মার্টিনোর কিছু দুশ্চিন্তার জায়গাও থাকছে। ১০ গোলের মাত্র একটি যে তাঁর স্ট্রাইকারদের, সেটিও বদলি হিসেবে নামা আগুয়েরো পানামার বিপক্ষে গোল করেছিলেন বলে।
হিগুয়েইন কাল প্রথম ২৫ মিনিটে বলে পা ছুঁইয়েছেন মাত্র একবার। হিগুয়েইন-আগুয়েরো দুজনই খেললেও আর্জেন্টিনার আসল কাজ করেছে মিডফিল্ড। স্ট্রাইকারদের ব্যর্থতা টুর্নামেন্টের যেকোনো পর্যায়ে ভোগাতে পারে আর্জেন্টিনাকে। জমিয়ে রাখা গোলগুলো এবার ‘নাম্বার নাইন’ ও ‘নাম্বার ইলেভেন’ সিন্দুক থেকে বের করলেই হয়! এএফপি, রয়টার্স।