মেসির চেয়ে ধনী রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে রোনালদোর ‘একাদশে বৃহস্পতি’, মাঠের বাইরেও তা-ই! ছবি: মার্কা
মাঠে রোনালদোর ‘একাদশে বৃহস্পতি’, মাঠের বাইরেও তা-ই! ছবি: মার্কা

সুখবর, কেবলই সুখবর! এত সুখবর রাখেন কোথায় ক্রিস্টিয়ানো রোনালদো? সে খবরগুলো আবার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে হারানো-সংক্রান্ত। গত মাসে মেসিকে হারিয়ে লা লিগা সেরা হয়েছেন। ভার্চুয়াল জগতেও ভক্ত সংখ্যায় পর্তুগিজ ফরোয়ার্ডেরই জয়-জয়াকার। এবার খবর এল, আর্থিক দিক দিয়েও এগিয়ে রিয়াল তারকা। বিখ্যাত ফোর্বস সাময়িকীর তথ্য অনুসারে, মেসির চেয়ে রোনালদোর আয়ই বেশি।
ফোর্বসের হিসাব অনুযায়ী, বর্তমান সময়ে ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি টাকার মালিক ফ্লয়েড মেওয়েদার। মার্কিন বক্সারের বার্ষিক আয় ৮১২ কোটি টাকা। পুরো টাকাই আসে প্রাইজমানি থেকে। এর পরই রোনালদোর অবস্থান। রিয়াল তারকার বার্ষিক আয়ের পরিমাণ ৬১৯ কোটি টাকা। এর মধ্যে বেতন ৪০২ কোটি টাকা, বাকি ২১৭ কোটি আসে বিজ্ঞাপন থেকে ।
তৃতীয় অবস্থানে রয়েছেন লেব্রন জেমস। মার্কিন বাস্কেটবল তারকার আয়ের পরিমাণ ৫৫৭ কোটি টাকা। বেতন ১৪৭ কোটি, বিজ্ঞাপন থেকে আয় ৪১০ কোটি টাকা। চতুর্থ অবস্থানে রয়েছেন মেসি। আর্জেন্টিনা অধিনায়কের আয়ের পরিমাণ ৪৯৫ কোটি টাকা। বেতন ৩১৭ কোটি, বিজ্ঞাপন থেকে আয় ১৭৮ কোটি টাকা। রোনালদো থেকে মেসি পিছিয়ে ১২৪ কোটি টাকা। সূত্র: ফোর্বস, মার্কা।