মেসির চেয়ে রোনালদো বেশি সফল: কোহলি

>খেলোয়াড় হিসেবে কোহলি রোনালদো ঘরানার। রোনালদোর প্রতি তাঁর মুগ্ধতারও শেষ নেই
লিওনেল মেসির ভক্তরা কথাটা মানবেন না হয়তো। ভক্তের আবেগে কি আর যুক্তি টেকে? কিন্তু বাস্তবতাটা বিরাট কোহলিও মনে করিয়ে দিলেন। ভারতের ক্রিকেট অধিনায়কের চোখে মেসির চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদো বেশি চ্যালেঞ্জ নিয়েছেন। বেশি সাফল্যও পেয়েছেন।
দুজনের সমান পাঁচটি করে ব্যালন ডি’অর। ব্যক্তিগত অর্জনে ট্রফি সংখ্যা সমান। কিন্তু দলীয় অর্জনে মেসিকে ছাপিয়ে গেছেন রোনালদো। মেসি জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ, রোনালদো পাঁচটি। জাতীয় দলের হয়ে রোনালদো ইউরো তো জিতেছেনই, কিছুদিন আগে জিতেছেন উয়েফা নেশনস লিগ। মেসির যে খাতাটা একেবারেই ফাঁকা। লিগ শিরোপা জয়ে মেসি হয়তো রোনালদোকে বিস্তর ব্যবধানে পেছনে ফেলেছেন। কিন্তু রোনালদো ইউরোপের তিনটি শীর্ষ লিগেই (ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি আ) মুকুট জিতেছেন। এটিও তো অনন্য।
ফিফা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘আমার মতে ও (রোনালদো) বেশি চ্যালেঞ্জ নিয়েছে। সব কটিতে সে সফলও হয়েছে। সেই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। ও কী পরিমাণ পরিশ্রম করে, সেটা আমি দেখেছি। এর কোনো তুলনা হয় না। ও অন্যদের জন্য অনুপ্রেরণা। আর খুব বেশি কেউ মনে হয় না এতটা করতে পারে। এর মধ্যে একজন নেতার সত্তা আছে। এটাও আমার ভালো লাগে। ওর আত্মবিশ্বাসও অবিশ্বাস্য পর্যায়ের।’
রোনালদোর প্রতি নিজের ভালো লাগাটা আগেও অনেকবারই বলেছেন বিরাট কোহলি। খেলোয়াড় হিসেবেও তিনি রোনালদো ঘরানার। মেসির মতো চুপটি বালক নন। উল্লাসে-উদ্যাপনে বুনো। খুব বেশি তথাকথিত ‘আদব’ মেনে চলার ধাত নেই। আবার সেটা খোলাখুলিই বললেন কোহলি, ‘আমার কাছে ক্রিস্টিয়ানো বাকি সবার থেকে ওপরে। ওর আত্মনিবেদন বা পরিশ্রমের তুলনা চলে না। সাফল্যের জন্য ও কতটা পাগল, সেটা প্রতি ম্যাচেই বোঝা যায়।’
ভবিষ্যতে রোনালদোর এই শ্রেষ্ঠত্বের মুকুট কিলিয়ান এমবাপ্পের মাথায় উঠবে বলেও ভবিষ্যদ্বাণী কোহলির, ‘আমার চোখে এমবাপ্পে অসাধারণ। আর্জেন্টিনা ম্যাচে ও যে গতিতে বলটা নিয়ে বেরিয়ে গিয়েছিল, সেটা ভোলা কঠিন। ও একটা দানব (ইতিবাচক অর্থে)। অবশ্যই একদিন সে সেরাদের সেরা হবে। নিঃসন্দেহে ও বিশ্বমানের খেলোয়াড়।’