মেসির চেয়েও!
বল পায়ে যা করেছেন, সে রকম আগে দেখা গেছে খুব কমই। সামনেও কত চমক আছে কে বলতে পারে! ফুটবল একজনের খেলা হলে মেসিকেই হয়তো সেরা মানতে হবে। কিন্তু আরিগো সাচ্চি বলছেন অন্য কথা। সাবেক এসি মিলান কোচ এগিয়ে রাখছেন ইব্রাহিমোভিচকে, ‘ফুটবল যদি ব্যক্তিগত খেলা হতো, তাহলে ইব্রা মেসির চেয়েও এগিয়ে।’ ইব্রার বল-দক্ষতা নিয়ে সন্দেহ নেই, অবিশ্বাস্য অনেক গোলও করেছেন ক্লাব ও দেশের হয়ে। কিন্তু সাচ্চির এই দাবিকে বোধ হয় নিজেই প্রত্যাখ্যান করবেন। ইব্রা তো নিজেই বলেছিলেন, এই সময়ে মেসির আশপাশেও কেউ নেই। সাচ্চি অবশ্য ‘টিম প্লেয়ার’ হিসেবে এগিয়ে রাখছেন মেসিকেই, ‘আমার সময় মিলানে মার্কো ফন বাস্তেন ও জর্জ উইয়াহর সমন্বয় দারুণ ছিল। উইয়াহর টেকনিক ভালো ছিল, কিন্তু ফন বাস্তেনের দলের সঙ্গে বোঝাপড়াটা বেশি ভালো ছিল। সে জন্য তার প্রভাবও ছিল বেশি। এদিক দিয়ে ইব্রার কিছু সীমাবদ্ধতা আছে।’ গোলডটকম।