মেসির চোখে চ্যাম্পিয়নস লিগ-ফেবারিট সিটি ও পিএসজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের ফেবারিট ভাবছেন না মেসি। ছবি রয়টার্স।
নিজেদের ফেবারিট ভাবছেন না মেসি। ছবি রয়টার্স।

চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে এখনো গ্রুপ পর্বের খেলা চলছে। শিরোপার লড়াইয়ের এখনো ঢের বাকি। প্রতিযোগিতায় কে ফেবারিট, কে না, সেটা বলার সময় আদৌ আসেনি। তবে লিওনেল মেসির চোখ এরই মধ্যে ঠিক করে ফেলেছে এবারের চ্যাম্পিয়নস লিগের ফেবারিট। তাঁর দৃষ্টিতে, চ্যাম্পিয়নস লিগ জয়ের খুব ভালো সম্ভাবনা আছে পিএসজি ও ম্যানচেস্টার সিটির।


ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির দায়িত্বে রয়েছেন মেসিরই সাবেক গুরু পেপ গার্দিওলা। তিনি এই মৌসুমেই ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্স জড়ো করেছেন ইত্তিহাদের মাঠে। ৩৪ পয়েন্ট নিয়ে তারাই রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সিটির পয়েন্টর ব্যবধান ৮। অন্যদিকে, ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষে রয়েছে নেইমারের পিএসজি। চ্যাম্পিয়নস লিগে নেইমার, এমবাপ্পে ও কাভানির পিএসজি এই মৌসুমে ইতিমধ্যেই ২৪ গোল করেছে।

ইউরোপ-সেরা হওয়ার পথে বার্সেলোনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে এই দুই দলকেই দেখছেন মেসি। মার্কাকে তিনি এ কথা বলেছেন যথেষ্ট ভেবেচিন্তেই, ‘সিটি আর পিএসজি এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। এখন পর্যন্ত দুই দলই ফেবারিটের মতোই খেলেছে। কিন্তু এটি (চ্যাম্পিয়নস লিগ) লম্বা ও কঠিন একটি টুর্নামেন্ট।’

মেসির দৌলতে দারুণ ছন্দে আছে বার্সেলোনাও। লা লিগা টেবিলে শীর্ষে রয়েছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে দুই নম্বরে, তবে বার্সার সঙ্গে ব্যবধান ১০ পয়েন্ট। পা না হড়কালে এবারে লা লিগা শিরোপা খুব সম্ভবত বার্সাই জিততে যাচ্ছে। রিয়াল কি এখনই হিসাবের বাইরে চলে গেল? এ ব্যাপারে মেসি অবশ্য বেশ সাবধানী, ‘আমি কখনোই মাদ্রিদকে বাদ দিই না। যদিও সবাই যেমন চাইছে, তারা তেমনটা খেলতে পারছে না; কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি, তারা সবকিছুর জন্যই লড়বে। প্রতিবছর তো তারা এটাই করে।’

তবে জিদান-শিষ্যদের ফর্ম মোটেও ভালো নয়। সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র দুই জয় টানা দুবার ইউরোপিয়ান শিরোপা জেতা দলটির। মেসি বলেছেন, ‘বায়ার্ন আরেকটি বড় দল, যারা শেষ পর্যন্ত লড়বে। তবে এই মুহূর্তে সিটি আর পিএসজিই সেরা।’

শুক্রবার চতুর্থবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন ‘শু’ জিতেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। গত মৌসুমে তিনি ৩৭ গোল করেছেন। এই মৌসুমেও ফর্ম ধরে রাখলে চ্যাম্পিয়নস লিগেও শিরোপার দাবিদার হবেন পিকে-মেসিরা। সূত্র: মার্কা, গোল ডটকম।