মেসির ছন্দ বার্সার আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি গোল। মেসির সেই চেনা উদ্‌যাপন l রয়টার্স
আরেকটি গোল। মেসির সেই চেনা উদ্‌যাপন l রয়টার্স

এইবারের বিপক্ষে কি ‘দুজন’ মেসি খেলছিলেন! এই তাঁকে মাঝমাঠে বার্সেলোনা সীমানায় দেখা যাচ্ছিল তো পরের মুহূর্তেই এইবারের ডি-বক্সের সামনে। চোট নিয়ে সার্জিও বুসকেটস মাঠ ছেড়ে যাওয়ার পরই দুই ভূমিকায় দেখা যায় লিওনেল মেসিকে—মিডফিল্ডার ও ফরোয়ার্ড। এক মেসিতেই রক্ষা নেই, ‘দুজন’কে কীভাবে সামলাবে এইবার! নিজেদের মাঠে তাদের তাই হারতে হলো ৪-০ গোলে।

বুসকেটস মাঠ ছাড়েন ৮ মিনিটে। এইবারের জালে বার্সেলোনার গোল উৎসবের শুরু হয় ৩১ মিনিটে। প্রথম গোলটি আসে বুসকেটসের বদলি ডেনিস সুয়ারেজের পা থেকে। তবে বার্সার জার্সিতে এই স্পেন মিডফিল্ডারের প্রথম গোলটিতে মেসির অবদান কম নয়। মেসির শট ফিরিয়ে দিয়েছিলেন গোলরক্ষক ইয়োয়েল। ফিরতি বলটাই জালে পৌঁছে দেন ডেনিস সুয়ারেজ। মেসি স্কোরশিটে নাম লেখান দ্বিতীয়ার্ধে। চলতি মৌসুমে লিগে তাঁর ১৫তম গোলেই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। এরপর করেন লুইস সুয়ারেজও, যেটি তাঁরও ১৫তম গোল।

এ ম্যাচে মেসি ছিলেন আদর্শ এক প্লে-মেকার। ম্যাচের পরিসংখ্যান বলে এতে তিনি বেশ সফলও। পুরো ৯০ মিনিট খেলা মেসি বল স্পর্শ করেছেন ৬৭ বার। শট নিয়েছেন তিনটি। দ্বৈরথ জিতেছেন ৫০ শতাংশ। বার্সেলোনা কোচ লুইস এনরিকের জন্য এর চেয়েও বড় স্বস্তি আসলে একই সঙ্গে ‘এমএসএন’ ত্রয়ীর জ্বলে ওঠা। মাঝে অনেক দিন এই ত্রয়ী একসঙ্গে জ্বলে উঠতে পারেননি। দলও তাই স্বরূপে ছিল না। এইবারের বিপক্ষে শেষ মুহূর্তে গোল পেয়েছেন নেইমারও। অক্টোবরের পর পেনাল্টির বাইরে এটিই তাঁর প্রথম গোল। মাঝের দুঃসময় পেছনে ফেলে এটিকে সামনে এগিয়ে যাওয়ার সূচক ভাবছেন এনরিকে, ‘ভালো ফলের শুরু খুঁজছিলাম আমরা। আশা করছি, এটাই সেই শুরু।’

এই জয়ে তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে বার্সেলোনার। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এনরিকের দল। এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৪৩। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে সেভিয়া দ্বিতীয় স্থানে। তবে গত পরশু পয়েন্ট তালিকার সবার নিচে থাকা ওসাসুনাকে হারাতে ঘাম ছুটে গেছে কদিন আগেই রিয়ালকে চমকে দেওয়া সেভিয়ার। এই মাসেই কোপা ডেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়ালের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল তারা। সেই সেভিয়াই দুবার পিছিয়ে পড়ার পর কোনোমতে ৪-৩ গোলে হারিয়েছে ওসাসুনাকে। এএফপি, রয়টার্স, গোল।