মেসির ছবিতে নেই নেইমার

প্রাক্-মৌসুম প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা এখন মায়ামিতে। কাল ভোরে এখানেই রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামার আগে শেষ প্রস্তুতিও আজ সেরে ফেলেছে বার্সা। ঘটনা হচ্ছে, অনুশীলনের পর সতীর্থদের সঙ্গে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন লিওনেল মেসি। ছবিতে অনেকেই আছেন, নেই নেইমার!
প্রাক্-মৌসুমে বার্সার শেষ অনুশীলন ছিল আজ। যুক্তরাষ্ট্র সফরটা যে ভালোই হয়েছে, বার্সার ফল তা বলে দিচ্ছে। দুই ম্যাচের প্রতিটিতেই জয়। বার্সা যে তিন গোল দিয়েছে, প্রতিটিই নেইমারের। মজাটা হচ্ছে, সফরটা যাঁর কারণে দুর্দান্ত যাচ্ছে বার্সার, সেই নেইমার নেই মেসির ছবিতে। সতীর্থদের মধ্যে লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে, হাভিয়ার মাচেরানো, জর্ডি আলবা ও অ্যালেক্স ভিদাল থাকলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অনুপস্থিত!
কদিন ধরে বার্সা ছেড়ে নেইমারের পিএসজিতে যাওয়ার জোর গুঞ্জন চারদিকে। কাল তো অনুশীলনে সতীর্থদের সঙ্গে মারামারির ঘটনা এই গুঞ্জনের পালে জোর হাওয়া দিয়েছে। এবার যোগ হয়েছে মেসির ছবি। ব্রাজিলিয়ান তারকা থাকবেন না, তাঁকে ছবিতে রেখে কী লাভ—এমন ভাবনাতেই কি আর্জেন্টিনা ফরোয়ার্ডের এই ছবি পোস্ট? গুঞ্জনের বাজারে দুই-দুইয়ে চার মিলিয়ে নিতে সমস্যা কী!