মেসির ছেলের নামই বেছে নিলেন রোনালদো?

কনফেডারেশনস কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না পর্তুগাল। নিজের সদ্যোজাত দুই সন্তানকে দেখতে যুক্তরাষ্ট্রে উড়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটা অবশ্য পুরোনো খবর। নতুন খবর হলো দ্বিতীয় পুত্রের নামও নাকি ঠিক করা আছে তাঁর, মাতেও। পরিচিত ঠেকছে? ঠিকই ধরেছেন, লিওনেল মেসির কনিষ্ঠ পুত্রের নামও কিন্তু মাতেও!
কনফেডারেশনস কাপের আগেই গুঞ্জন ছড়ায়, আবারও সন্তানের বাবা হয়েছেন রোনালদো। যুক্তরাষ্ট্রে সারোগেট পদ্ধতিতে জন্ম নিয়েছে যমজ সন্তান—ছেলে ও মেয়ে। রোনালদো এত দিন এ নিয়ে কিছু বলেননি। তবে চিলির কাছে সেমিতে হারের পর ফেসবুক পেজের বিবৃতিতে রোনালদো স্বীকার করে নিয়েছেন খবরের সত্যতা, ‘আমার দুই ছেলের জন্ম হয়েছে জেনেও আমি জাতীয় দলের সঙ্গে ছিলাম। সব সময়ের মতো দেহ-মন উজাড় করেই খেলেছি। দুর্ভাগ্যবশত, আমাদের মূল উদ্দেশ্যটা অর্জিত হয়নি। অবশেষে প্রথমবারের মতো আমার সন্তানদের কাছে যেতে পারছি, আমি খুবই খুশি।’

তবে ফেসবুক ও ইনস্টাগ্রামে আরেকটি ছবি দিয়েছেন রোনালদো, সেখানে লিখেছেন, ‘আমার নতুন দুই ভালোবাসাকে কোলে নিতে পেরে আনন্দিত।’ সে ছবিতেই বোঝা গেছে ফেসবুকে লেখা বিবৃতি ঠিক নয়। জোড়া সন্তানের একজন ছেলে ও আরেকজন মেয়ে। এবং ডেইলি মেইল দাবি করেছে, কন্যার নাম ইভা ও পুত্রের নাম মাতেও রাখার সিদ্ধান্ত হয়েছে। মজার ব্যাপার, মেসির দেড় বছর বয়সী পুত্রের নামও এটা।
রোনালদো তাঁর বড় ছেলেকে নিজের নামই দিয়েছেন, রোনালদো জুনিয়র। দ্বিতীয় পুত্রের জন্য তাই অন্য কোনো নাম বেছে নিতেই হতো। সে জন্যই কী ছেলের নামকরণে প্রতিদ্বন্দ্বীকেই আদর্শ মানছেন রোনালদো?