চোখের সামনে স্বপ্নের নায়ককে দেখলে আপনার প্রতিক্রিয়া কী হতে পারে? অটোগ্রাফ তো চাইবেনই, একটা সেলফিও তুলতে পারেন। দুবাইয়ের এক পুলিশ কর্মকর্তাও তাই করতে গিয়েছিলেন। গত মাসেই গ্লোব সকার অ্যাওয়ার্ড নিতে দুবাইয়ে এসেছিলেন মেসি। লিওনেল মেসিকে হেঁটে হেঁটে বিমানবন্দরে নামতে দেখে প্রথমে বিশ্বাস করতে পারেননি ওই কর্মকর্তা। পরে ছবি তোলারও আবদার করে বসলেন। এমনিতে হয়তো অনুরোধটা মেসি রাখতেন, কিন্তু ওই সময় মেসি খুবই ক্লান্ত ছিলেন। সে জন্যই অনুরোধটা এড়িয়ে গিয়েছিলেন। তা এ রকম হতেই পারে। কিন্তু ওই কর্মকর্তা এর পর যেটা করলেন, সেটা নিয়েই বেধেছে ঝামেলা। মেসিকে না পেয়ে তাঁর পাসপোর্ট বগলদাবা করলেন। সেটার সঙ্গেই একটা সেলফি তুলে পোস্ট করে দিলেন। ভাবখানা এমন, ‘হুঁ হুঁ, মেসিকে পাইনি, পাসপোর্ট তো পেয়েছি!’ কিন্তু কাজটা তো বেআইনি। এখন ছয় মাসের জেল হতে পারে তাঁর। এক লাখ পাউন্ড জরিমানাও দিতে হয়েছে। ইনডিপেনডেন্ট।