মেসির জন্য দুয়ার খুলে রাখছেন নেইমারদের কোচ
পিএসজিতে জার্মান কোচ টমাস টুখেলের দিন শেষ। দলে এখন এসেছেন আর্জেন্টিনার মরিসিও পচেত্তিনো। দলের ম্যানেজার পরিবর্তন হলে সাধারণত সেই ম্যানেজার চান এমন কিছু খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে, যাঁরা তাঁর দর্শন অনুযায়ী খেলতে পারেন। স্বাভাবিকভাবেই পচেত্তিনো পিএসজিতে যাওয়ার পরও এই আর্জেন্টাইন নতুন কাকে কাকে দলে আনবেন, তা নিয়ে কানাঘুষা শুরু হয়েছে। আর এই গুঞ্জনে যাঁর নাম সর্বাগ্রে ভেসে বেড়াচ্ছে, তিনি বার্সেলোনার তারকা স্ট্রাইকার ও পচেত্তিনোরই স্বদেশি—লিওনেল মেসি।
এমনিতেই মেসির চুক্তি নিয়ে বার্সা-মেসি দুই পক্ষই তেমন সুবিধাজনক অবস্থানে নেই। ক্লাব সভাপতির ওপর বিরক্ত হয়ে গত আগস্টেই ক্লাব ছাড়তে চাওয়া মেসি বার্সার সঙ্গে চুক্তি বাড়াননি এখনো। ঝুলিয়ে রেখেছেন কাতালানদের। এই অবস্থায় এসে গেছে জানুয়ারি, চলতি চুক্তির আর বাকি আছে মাত্র ছয় মাস। মেসি এখন চাইলেই ম্যানচেস্টার সিটি, পিএসজি, জুভেন্টাসের মতো আগ্রহী ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করে দিতে পারেন। মেসির মতো বড় তারকাকে দলে আনার ইচ্ছা পিএসজির বহু দিনের। ফরাসি ক্লাবটাও বুঝতে পেরেছে, এবারই মেসিকে দলে ভেড়ানোর সুবর্ণ সুযোগ। কিন্তু পচেত্তিনো কি মেসির মতো তারকাকে দলে আনবেন নেইমার-এমবাপ্পেদের সঙ্গে খেলার জন্য?
উত্তরে পচেত্তিনো সাফ কিছু না জানালেও, একদম যে ব্যপারটা উড়িয়ে দিয়েছেন, তা-ও নয়। যদিও নতুন খেলোয়াড় আনা না–আনা নিয়ে আলোচনা করার চাইতে বর্তমান নিয়েই পচেত্তিনোর আগ্রহ বেশি এখন, ‘সত্যি কথা বলতে কী, এখনও আমরা ওসব নিয়ে কথা বলিনি। আমরা মাত্রই পিএসজিতে আসলাম। খুব তাড়াহুড়োর মধ্যে কাটছে সময়। নতুন ক্লাবে খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপারও আছে। অনেক সভা, অনুশীলন, ম্যাচের জন্য প্রস্তুতি— এসব নিয়েই কাটছে সময়। সবকিছু নিয়েই কথা হবে আস্তে আস্তে, সবকিছু নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে পচেত্তিনো বেশ ভালোই জানেন, চাইলে এখনই মেসিকে দলে আনার সবচেয়ে বড় সুযোগ। তাই একদম উড়িয়েও দেননি ব্যাপারটাকে, ‘আমার মনে হয়, পিএসজির মতো সেরা একটা ক্লাবে বিশ্বের যেকোনো ভালো খেলোয়াড়ই আসার যোগ্যতা রাখে। আমাদের দরজা সবার জন্যই খোলা।’
পচেত্তিনোর কথা শুনে বার্সেলোনার বুকে কাঁপন না ধরে কোথায় যায়?