মেসির জন্য মাঠেই থাকতে চাননি তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারাডোনার চেয়ে মেসিকে এগিয়ে রাখেন কোস্তাকুর্তা। ফাইল ছবি
ম্যারাডোনার চেয়ে মেসিকে এগিয়ে রাখেন কোস্তাকুর্তা। ফাইল ছবি
>জীবনে কম ডিফেন্ডারকে যন্ত্রণা দেননি লিওনেল মেসি। মেসির কারণে ম্যাচের মধ্যে দুঃস্বপ্নের মতো সময় কাটিয়েছেন, এমন উদাহরণ খুঁজলেই ভুরি ভুরি পাওয়া যাবে। কিন্তু সেই তালিকায় যদি বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারও থাকেন?

বিশ্বের সেরা রক্ষণভাগ কোনটা?

প্রশ্নের উত্তরে অনেকেই এসি মিলানের সেই কালজয়ী রক্ষণভাগের কথা বলবেন। যে রক্ষণভাগের অংশ ছিলেন পাওলো মালদিনি, ফ্রাঙ্কো বারেসি, আলেসান্দ্রো কোস্তাকুর্তা ও মাওরো তাসোত্তি। আরিগো সাচ্চির সময়ে এই চারজনের প্রত্যেকেই রক্ষণের শেষকথা হিসেবে বিবেচিত হতেন। বারেসির পাশে থেকে বছরের পর বছর সেন্ট্রাল ডিফেন্স সামলেছেন এসি মিলানের কিংবদন্তি কোস্তাকুর্তা।

মিলানের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ শতাধিক ম্যাচ খেলা এই তারকা ডিফেন্ডার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পাঁচবার, সাতবার জিতেছেন লিগ। ধরা দিয়েছে উয়েফা সুপার কাপ, ইতালিয়ান সুপারকোপা কিংবা ইন্টারকন্টিনেন্টাল কাপের মতো শিরোপাগুলোও। সেই ডিফেন্ডারই যদি এখন বলেন, যে মেসির তোপে মাঠ ছেড়ে বের হতে চেয়েছিলেন, তাহলে কেমন লাগবে?

ঠিক সেটাই হয়েছে। তাও আবার পরিণত মেসি নন। ষোল বছর বয়সের যে মেসি তখনো বার্সেলোনার মূল দলেই ঠিকমতো সুযোগ পেতেন না, সে মেসিকে আটকাতেই হিমশিম খেয়েছিলেন ইতিহাসের অন্যতম সেরা এই ডিফেন্ডার, 'আমার মেসি ও ম্যারাডোনা, দুজনের বিপক্ষেই খেলার সৌভাগ্য হয়েছে। ম্যারাডোনাকে ঠেকানোর জন্য প্রচুর ফাউল করতে হতো। কিন্তু মেসির ব্যাপারে বলতে হয়, ওর গুণমান সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ নতুন। আমার মনে হয় মাঠের মধ্যে তাঁরা যেভাবে নিজেদের মেলে ধরেন, সে হিসেবে দুজনই প্রায় এক। তবে ম্যারাডোনার চেয়ে মেসি ঠান্ডা মাথার খেলোয়াড়। একবার বার্সেলোনার বিপক্ষে আমরা খেলতে নেমেছিলাম। মেসির মুখোমুখি হই আমি। তখন ওর বয়স কতই-বা হবে? ষোল হয়তো। প্রথমে ওকে বাচ্চা ছেলে ভেবে অত বেশি পাত্তা দিইনি।'

তবে মেসিকে বাচ্চা ভেবে যে কী ভুলটা করেছিলেন কোস্তাকুর্তা, সেটা বুঝেছেন মেসির বিপক্ষে পনেরো মিনিট খেলেই, 'তবে ম্যাচ শুরুর পনেরো মিনিটের মাথায় আমি কোচ কার্লো আনচেলত্তিকে বলি, আমাকে উঠিয়ে অন্য কাউকে নামাও। আমি আর পারছি না।'