মেসির জাতীয় দল ছাড়ার গুঞ্জনে তোলপাড়

আজ রাতে ডুসেলডর্ফে জার্মানির বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই নামতে হবে আর্জেন্টিনাকে, নতুন কোনো খবর নয়। গত রোববার ভিয়ারিয়ালের সঙ্গে বার্সেলোনার ম্যাচে চোট পাওয়ার কারণে মেসি খেলছেন না এ ম্যাচে। বিষয়টি এখানেই সীমাবদ্ধ থাকতে পারত। কিন্তু গুঞ্জনের ডালপালা জন্মেছে অন্য কারণে। আর্জেন্টিনার সংবাদমাধ্যমে কদিন ধরেই গুঞ্জন, মেসি নাকি ছেড়ে দেবেন জাতীয় দলই!
জাতীয় দলে মেসির আত্মনিবেদন কম—এমন অভিযোগে তিতিবিরক্ত আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপে দলের পক্ষে সর্বোচ্চ ৪ গোল করেও সমালোচকদের মুখ বন্ধ করা যায়নি। জার্মানির বিপক্ষে ‘প্রতিশোধে’র ম্যাচে মেসি না খেলায় আবারও সরব নিন্দুকেরা। এবার গুজব উঠেছে—জাতীয় দলই ছেড়ে দেবেন মেসি! অবশ্য আর্জেন্টিনা ফরোয়ার্ডের পক্ষে দাঁড়িয়ে গেছেন অনেকেই।
বড় প্রতিবাদ এসেছে মেসির বাবা হোর্হে মেসির কাছে থেকেই। বললেন, ‘লিওনেল জাতীয় দল ছাড়ছে না। এগুলোর সংবাদমাধ্যমের সৃষ্টি। আদতে এর কোনো ভিত্তি নেই।’ বহুদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু হাভিয়ের মাচেরানোও আর্জেন্টিনা অধিনায়কের বাবার সঙ্গে একমত। বললেন, ‘জাতীয় দলের প্রতি লিওর নিবেদন অন্য যে কারও চেয়ে বেশি। আর্জেন্টিনার জার্সিতে সে সব সময়ই নিবেদিত। দেশের হয় খেলার যে অনির্বচনীয় অনুভূতি, সেটি সব সময়ই তার খেলার মধ্যে প্রকাশ পেয়েছে। সে জাতীয় দল ছাড়বে, এমনটা ভাবা স্রেফ বাতুলতা।’ সূত্র: ওলে ও গোলডটকম।