মেসির জার্সি পরে সবকিছু জিততে চান ফাতি

গতকাল গোল করেছেন ফাতিছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট ক্যারিয়ার থেকে কেড়ে নিয়েছে ৩২২ দিন। এর মধ্যেই পেয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় সুসংবাদ। আক্ষরিক অর্থে লিওনেল মেসির জার্সির উত্তরাধিকার পাওয়া তো সাধারণ ব্যাপার নয়!

আনসু ফাতির কপালে জুটেছে সেই সৌভাগ্যই। বার্সার দশ নম্বর জার্সি গায়ে চাপিয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন গত রাতে।

চোট থেকে ফিরেই গোল, আবেগে আপ্লুত ফাতি
ছবি : রয়টার্স

কী দুর্দান্তভাবেই না উপলক্ষটা রাঙালেন ফাতি। মাঠে নামার ঠিক দশ মিনিটের মাথায় গোল করে ইঙ্গিত দিয়েছেন, দশ নম্বর জার্সিটা তাঁকে দেওয়ার সিদ্ধান্তটা বার্সা ভুল নেয়নি। ফাতির ফেরার ম্যাচে বার্সেলোনা লেভান্তের বিপক্ষে জিতেছেও ৩-০ গোলে। জেতার পরেই হুংকার দিয়েছেন ফাতি। চোখ রেখেছেন চ্যাম্পিয়নস লিগ ও লিগ জয়ের দিকে।


মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে নিজের লক্ষ্যের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ফাতি, ‘আমরা বার্সেলোনা। প্রতিটি প্রতিযোগিতা জেতার জন্য চেষ্টা চালিয়ে যাব আমরা, যেসব প্রতিযোগিতায় আমরা অংশ নিচ্ছি। প্রতিটি শিরোপা জেতার জন্য আমরা লড়াই করে যাব।’

ফাতির ওপর অনেক আশা বার্সার। বলা হয় বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় মেসির পর সবচেয়ে প্রতিভাবান এই ফাতি। তবে এই ভরসার প্রমাণ শুধু কথাতেই নয়, কাজেও দেখিয়েছে বার্সা। মেসির উত্তরসূরি হওয়ার বিরাট বোঝা চাপিয়ে দিয়েছে ফাতির কাঁধে।

১৮ বছর বয়সী ফাতি সে বোঝা কতটুকু বইতে পারেন, সেটাই দেখার বিষয়। এই জার্সির দাম মেসি যে বাড়িয়ে দিয়ে গেছেন বহু বহুগুণ!

চোট বেশ ভুগিয়েছে ফাতিকে
ছবি: রয়টার্স

ফাতি নিজেও বোঝেন সেটা। সেটাই ফুটে উঠেছে তাঁর কথায়, ‘মেসির পর দশ নম্বর জার্সি পরতে পেরে আমি অনেক গর্বিত। ক্লাব ও ক্লাবের অধিনায়কদের ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।’

তবে ফাতি ব্যাপারটাকে চাপ বলে মনে করছেন না মোটেও, ‘না, আমি এই বিষয়টাকে চাপ ভাবছি না। আমি কৃতজ্ঞ এমন এক জার্সি পরতে পেরে, যা এই ক্লাবকে অনেক কিছু দিয়েছে।’